গ্রেপ্তার

বাঘায় মাদকদ্রব্যসহ তিন কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারী

রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেনসিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দুটি মুঠোফোন ও নগদ ১ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব-৫-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী জেলার বাঘা থানার বাঘা পৌরসভার কলিগ্রাম এলাকায় রেজাউল করিমের বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে র‌্যাবের একটি অভিযানিক দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। ওই বাড়ির খাটের নিচে অ্যালুমিনিয়ামের পাতিলে বিশেষভাবে রাখা ৭৫ বোতল এবং সিমেন্টের বস্তা দিয়ে তৈরি বাজারের ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় রাখা আরও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ১২৫ বোতল ফেনসিডিল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাঘা থানার কলিগ্রাম এলাকার মৃত আকশেদ মণ্ডলের ছেলে রেজাউল করিম (৪২), নওমহল কলেজ রোড এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে মো. মোশরফ (৫৫) এবং পাবনার ঈশ্বরদী থানার নওদাপাড়া এলাকার মৃত রজব আলীর ছেলে মো. আজিজুল হক (৩৮)। র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর ১২৫ বোতল ফেন্সিডিল, দুটি মুঠোফোন ও নগদ ১ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট