ভারতে এবার ভাঙা হচ্ছে ২২৬ বছরের পুরনো একটিসহ ৬ ঐতিহাসিক মসজিদ

ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে উন্নয়নের নামে মুসলিম ঐতিহ্যের ওপর আবারও চালানো হচ্ছে আগ্রাসী বুলডোজার নীতি। এবার ঐতিহাসিক ও মুসলিম-প্রধান এলাকা ডালমন্ডিতে রাস্তা সম্প্রসারণের অজুহাতে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শত শত ঘরবাড়ি এবং দোকানপাট। চরম উদ্বেগের বিষয় হলো, প্রশাসনের এই উচ্ছেদ অভিযানের কোপে পড়েছে ২২৬ বছরের প্রাচীন ও ঐতিহাসিক একটি মসজিদসহ ওই এলাকার অন্তত ছয়টি পবিত্র মসজিদ। পবিত্র উপাসনালয় ও বসতভিটা হারানোর এই নির্মম সরকারি উদ্যোগে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারাণসীর অত্যন্ত জনাকীর্ণ ও প্রাচীন মুসলিম এলাকা হিসেবে পরিচিত ডালমন্ডির সরু গলিগুলোতে গত কয়েকদিন ধরে একটানা চলছে প্রশাসনের বুলডোজার। সড়ক প্রশস্তকরণ প্রকল্পের নামে গণপূর্ত বিভাগ (পিডাব্লিউডি) ইতিমধ্যে ১০৭টি ঘরবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আগামী ৩১ মে-র মধ্যে পুরো উচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করার ডেডলাইন দেওয়া হয়েছে, যার ফলে বাস্তুচ্যুত হয়ে পড়েছে শত শত নিরীহ পরিবার। উচ্ছেদ আতঙ্কে থাকা বাসিন্দারা জানান, হুট করে মাথার ওপর থেকে ছাদ এবং রুটি-রুজির একমাত্র অবলম্বন দোকানপাট কেড়ে নেওয়ায় তারা এখন পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে, এই উচ্ছেদ অভিযানের সবচেয়ে সংবেদনশীল ও বেদনাদায়ক দিকটি হলো পবিত্র মসজিদগুলোর ওপর আঘাত। স্থানীয় চৌক থানা এলাকার অন্তর্গত মির্জা করিমুল্লাহ বেগ মসজিদ, মার্বেল ওয়ালি মসজিদ, আলী রেজা খান মসজিদ, নিসারান মসজিদ, রঙ্গিলে শাহ মসজিদ এবং ল্যাংড়ে হাফিজ মসজিদকে উচ্ছেদের জন্য তালিকাভুক্ত করেছে বারাণসী প্রশাসন। এর মধ্যে মির্জা করিমুল্লাহ বেগ মসজিদটি প্রায় ২২৬ বছরের পুরনো, যা এই অঞ্চলের মুসলমানদের ধর্মীয় ও ঐতিহাসিক আবেগের সাথে জড়িয়ে রয়েছে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন এই ন্যাক্কারজনক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে উন্নয়নের নামে ধর্মীয় সংখ্যালঘুদের ঐতিহ্য ও ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট