বাগমারায় খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিব
বাগমারা প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজশাহীর বাগমারায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) আওতায় চলমান খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান খান। সোমবার সকালে পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি বাগমারায় পৌঁছে উপজেলার বিভিন্ন এলাকায় বাস্তবায়নাধীন খাল পুনঃখনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। সকাল প্রায় ১১টার দিকে সচিব উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের হাটগাঙ্গোপাড়া ব্রিজ থেকে বাইগাছা ব্রিজ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে কৃষিজমিতে সেচ সংকট সৃষ্টি হতো। এসব সমস্যা সমাধানে ১ কোটি ৮২ লাখ টাকার অধিক বরাদ্দে খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
পরবর্তীতে সচিব উপজেলার ঝিঁকরা ইউনিয়নের মধ্যঝিনা-মদাখালী ভায়া রনসিবাড়ী নদী পর্যন্ত আরও ৭ কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫-২০২৬ অর্থবছরে ইজিপিপি কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পে প্রায় ১ লাখ ৩৩ হাজার ৭৭০ ঘনমিটার মাটি খননের কাজ করা হচ্ছে। প্রকল্পটির জন্য ১ কোটি ৮০ লাখ টাকার অধিক বরাদ্দ রাখা হয়েছে। এতে ৪১৬ জন উপকারভোগী শ্রমিক অংশগ্রহণ করছেন এবং প্রতিদিন ৫০০ টাকা হারে মজুরি পাচ্ছেন। প্রকল্পটি নির্ধারিত ৪০ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব সানজিদা ইয়াছমিন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূর এ শেফা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।
