পুঠিয়া ও জয়পুরহাটে র্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার
স্টাফ রিপোর্টার
রাজশাহী ও জয়পুরহাটে পৃথক অভিযান চালিয়ে একটি একনলা বন্দুকসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫ এর সদস্যরা। শুক্রবার দিবাগত রাতে রাজশাহীর মোহনপুর ও জয়পুরহাট সদর এলাকায় অভিযান দুটি চালানো হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর মোহনপুর থানার কৃষ্ণপুর গ্রামের বন্দুকপুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালায় র্যাবের সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল। অভিযানে বন্দুকপুরের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত ভাঙা মসজিদের ভেতরে দেশীয় অস্ত্র থাকার তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে একটি সাদা বস্তায় মোড়ানো অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী অস্ত্রটি জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, জয়পুরহাট সদর থানার ঘোনাপাড়া গ্রামের ফিশারিজ ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও একটি রামদা উদ্ধার করেছে র্যাব-৫-এর সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল। র্যাব জানায়, নির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্র ও আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
