গ্রেপ্তার

দুর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

রাজশাহীর দুর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার হয়েছে। চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দুর্গাপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের পাশের পাচুবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে টাকা উদ্ধার ও তাকে গ্রেপ্তার করে পুলিশ।  গ্রেপ্তারকৃতর নাম মাহফুজ আহম্মেদ (৩২)। তিনি দুর্গাপুর থানার গোপীনাথপুর খাঁস খামার গ্রামের মাহাবুব রহমানের ছেলে। গতকাল দুপুরে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি মাছ চাষের ব্যবসার সঙ্গেও জড়িত। গত ১২ মে দুপুর সাড়ে ১২টা তিনি দুর্গাপুর জনতা ব্যাংক শাখা থেকে নিজ হিসাব থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন। পরে দুপুর ১টার দিকে নিজ বাড়ির নিচতলার গ্যারেজে রাখা প্রাইভেটকারের ভেতরে টাকাগুলো রেখে গাড়ি লক করে বাসার দ্বিতীয় তলায় যান। ওই সময় বাড়িতে নির্মাণকাজ চলছিল। পরে দুপুর পৌণে ২টার দিকে তিনি নিচে নেমে এসে দেখতে পান, গাড়ির ভেতরে রাখা টাকা নেই এবং গাড়ির বাম পাশের দরজার গ্লাস ভাঙা। পরে এ ঘটনায় তিনি দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মাহফুজ আহম্মেদকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই অধ্যাপকের বাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভেতরে রাখা শপিং ব্যাগ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট