নগরীর রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শন জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কের খানাখন্দ মেরামতের নির্দেশ

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার ও ওই এলাকায় সড়কের খানাখন্দ মেরামত ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি গোরহাঙ্গা রেলগেট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে নির্মাণাধীন ফ্লাইওভারের অগ্রগতি, সড়কের বর্তমান অবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থাসহ সার্বিক বিষয় সরেজমিনে পর্যালোচনা করেন।

এ সময় রাসিক প্রশাসক নির্ধারিত সময়ের মধ্যে ফ্লাইওভার নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি নাগরিক দুর্ভোগ লাঘবে গোরহাঙ্গা রেলগেট ও আশপাশের এলাকার সড়কের খানাখন্দ দ্রুত মেরামত এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমাকে দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন ফ্লাইওভারগুলোর নির্মাণ কাজ স্থবির হয়েছিল। আমি দায়িত্ব নিয়েই ফ্লাইওভারগুলোর কাজ দ্রুত গতিতে কাজ সম্পন্ন করতে উদ্যোগ নিয়েছি। নাগরিক ভোগান্তি দূরকরণে দ্রুততম সময়ে ৩টি ফ্লাইওভারের কাজ সমাপ্ত করা হবে। নির্মাণ কাজ শেষ হলে নাগরিকদের জন্য তা উন্মুক্ত করা হবে। নগরবাসীর চলাচলে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন নাগরিক দুর্ভোগ নিরসনে সিটি কর্পোরেশন গুরুত্ব দিয়ে কাজ করছে। চলমান উন্নয়ন কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে সম্পন্ন করার পাশাপাশি কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হবে। সকলের সহযোগিতায় আমরা ডেঙ্গুমুক্ত নগরী গড়তে কাজ করে যাচ্ছি।  পরিদর্শনকালে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম আহম্মেদ হোসেন মাসুম, রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিনসহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট