বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষণা এমপি ডাঃ বারীর

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সমন্বিত করতে “বাগমারা উন্নয়ন কমিটি” ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে এ সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। সভায় বাগমারার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মতামত গ্রহণ করা হয়। উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং জনগণের প্রত্যাশা তুলে ধরার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বাগমারায় প্রকাশিত উন্নয়ন কমিটির সদস্যের তালিকায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, কৃষিবিদ, চিকিৎসক, ইমাম, নারী প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে উপজেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কমিটিতে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, তাহেরপুর মহিলা কলেজ, গোপালপুর কারিগরি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের রাখা হয়েছে। এছাড়াও ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, কৃষিবিদ, পরিবহন শ্রমিক প্রতিনিধি ও ধর্মীয় নেতারাও স্থান পেয়েছেন।

এমপি ডাঃ আব্দুল বারী সরদার বলেন, বাগমারাকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। উন্নয়ন কমিটির মাধ্যমে জনগণের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় রাজশাহী জেলা জামায়াতের সদস্য সহকারী অধ্যাপক ওহিদুল ইসলাম, বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম হোসেন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনসহ প্রেসক্লাবের সদস্য ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট