দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করার আহ্বান এমপি মিলনের

স্টাফ রিপোর্টার

রাজশাহীর পবা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার নওহাটায় আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুরের সংসদ সদস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওহাটা পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করেছেন। অনেক ত্যাগ, নির্যাতন ও প্রতিকূলতা মোকাবিলা করে দল আজকের অবস্থানে এসেছে। সেই ত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের মধ্যে বিভেদ ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয়তাবাদী দর্শন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সদস্য সচিব, নওহাটা পৌরসভা বিএনপি এবং শরিফুল ইসলাম জনি, আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদল। এ ছাড়াও পবা উপজেলা বিএনপি, নওহাটা পৌরসভা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট