জিয়াউর রহমান ও বিএনপি একে অপরের পরিপূরক: এমপি মিলন

স্টাফ রিপোর্টার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বিগত ২০ বছর ধরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন করা সম্ভব হয়নি। গতকাল শনিবার পবা এবং মোহনপুরে দিনব্যাপী ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত পৃথক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এমপি শফিকুল হক মিলন বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বরের পর জিয়াউর রহমান প্রথমে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। অর্থনৈতিকভাবে ভঙ্গুর বা ‘তলাবিহীন ঝুড়ি’র অপবাদ ঘুচিয়ে দেশকে জনসম্পদে রূপান্তর করতে তিনি হাঁস-মুরগি পালন, গবাদিপশুর খামার, বাড়ির আঙিনায় বৃক্ষরোপণ এবং ক্ষুদ্র ও পোশাক শিল্পের প্রসারে ব্যাপক উদ্যোগ নিয়েছিলেন। এছাড়া মুসলিম বিশ্বের দরবারে দেশের মাথা উঁচু করতে তিনি ওআইসি-তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”

বক্তব্যে তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমানকে হত্যার মূল উদ্দেশ্যই ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা। এরপর ১৯৮২ সালের ২৪ মার্চ বিচারপতি সাত্তারের কাছ থেকে স্বৈরাচার এরশাদ ক্ষমতা দখল করলে দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে রাজপথে নিয়ে আসে। এমপি মিলন জোর দিয়ে বলেন, “বেগম জিয়া কখনো জাতির সাথে বেইমানি বা মুনাফেকি করেননি। আপসহীন এই নেত্রী ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং দেশে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করেন।”

জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে এমপি বলেন, “তারা সংসদে এক কথা আর বাইরে আরেক কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র রাজপথেই মোকাবেলা করবে জনগণ।”

বিএনপি কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না জানিয়ে শফিকুল হক মিলন বলেন, “দলটির বর্তমান সংগ্রাম সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য। আমরা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বেকার যুবকদের কর্মসংস্থান এবং যুগোপযোগী ও কারিগরি শিক্ষার প্রসারের লক্ষ্যে আন্দোলন করছি।”

তিনি ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখার আলোকে একটি ঐক্যবদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান। এছাড়াও দুপুরে পবা উপজেলা অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন এমপি মিলন। পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দিবসটি উপলক্ষে অসুস্থদের মাঝে চিকিৎসা সহায়তার চেক প্রদান, মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং উপজেলায় বৃক্ষরোপণ করেন এমপি মিলন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট