সম্পাদকীয়

আইসিজে’র ঐতিহাসিক রায়

জাতিসংঘের অধীনস্থ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই মর্মে রায় দিয়েছে যে, মিয়ানমারে মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানো হয়েছে। আদালত বলেছেন, ২০১৭ সালে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামের অভিযানের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠির একটি অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছিল মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চরম নিপীড়ন থেকে বাঁচতে ২০১৭ সালের ২৫ আগস্ট রাত থেকে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা। পরের কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়। স্মরণ করা যেতে পারে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর এই নিধনযজ্ঞের বিরুদ্ধে তখনই সোচ্চার প্রতিবাদ জানায় আন্তর্জাতিক মহল। উদ্বেগ প্রকাশিত হয় এবং রোহিঙ্গা নিধন অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়। কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষ এতে কর্ণপাত করা থেকে বিরত থাকে। এই প্রেক্ষাপটে ২০১৯ সালের ১১ নভেম্বর নেদারল্যান্ডের হেগে অবস্থিত আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে আফ্রিকার মুসলিম দেশ গাম্বিয়া। দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার আইসিজে রায় ঘোষণা করেন। আদালতের ১৫ বিচারকের মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিচারক বিপক্ষে মত দিয়েছেন। আইসিজেতে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের দায়ে দোষী সাভ্যস্থ করা হয়েছে। হেগের পিস প্যালেসে আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইউওয়াসাওয়া দীর্ঘ তিন ঘণ্টা ধরে এই ঐতিহাসিক রায় পড়ে শোনান। তিনি বলেন, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করে। এ সময় ব্যাপক যৌন সংহিসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। রায়ে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃসংশতার যেসব প্রমাণ পাওয়া গেছে, সেগুলো থেকে একমাত্র যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হলো ২০১৭ সালে নিরাপত্তা বাহিনীকে দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠির একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল তাদের। রায়ে আরো উল্লেখ করা হয়েছে, সামরিক অভিযানে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সশস্ত্র বেসামরিক লোকজন অংশ নেয়ার পরও গোষ্ঠি নিধনের ঝুঁকির বিষয়ে কর্তৃপক্ষের সচেতন থাকা উচিত ছিল। কিন্তু গোষ্ঠি নিধন প্রতিরোধে দেশটি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক মহলে আইসিজের এ রায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতরেস বলেছেন, এই মামলা আন্তর্জাতিক ন্যায় বিচারের একটি দৃষ্টান্ত। এমন ভয়াবহ কর্মকা-ের দায়ে বিচারহীনতা চলতে পারে না— সেটা আবার প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার টুর্ক বলেছেন, এই রায়ে স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে, মানব জাতির ঘৃণ্য অপরাধগুলোর একটির জন্য মিয়ানমার রাষ্ট্র দায়ী। আইসিজের রায়কে রোহিঙ্গা জনগোষ্ঠির বিজয় বলে বর্ণনা করেছে গাম্বিয়া। রায়ের পর কোনো কোনো দেশ যেমন যুক্তরাজ্য মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। এ ধরনের ব্যবস্থা বা চাপ অন্যান্য দেশের তরফেও আসতে পারে। এখানে বিশেষভাবে উল্লেখ করা আবশ্যক, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন প্রভৃতি দেশ রোহিঙ্গাদের জন্য মায়াকান্না কাঁদলেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে নারাজ। সমস্যা জিঁইয়ে রাখাই তাদের লক্ষ্য বলে প্রতিয়মান হয়। তাদের ওপর ভরসা করে রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান হবে না। মিয়ানমারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন, চীনের সহযোগিতা এবং প্রয়োজনে ভারতের সহযোগিতা নিয়ে এ সমস্যার সমাধান করতে হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোরের যে প্রস্তাব দিয়েছেন তা কার্যকর হলে খুব সহজেই রোহিঙ্গা সমস্যার সমাধান হতে পারে। আইসিজের রায়ে রোহিঙ্গা জনগোষ্ঠি ও বাংলাদেশের যে উজ্জীবন ঘটেছে তাকে কাজে লাগাতে হবে। আমরা আশা করব, রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনসহ বন্ধুপ্রতিম দেশগুলো আন্তরিকভাবে এগিয়ে আসবে। মানচিত্রদেখুন

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট