রামেক হাসপাতালে রোগী ধরা দালালদের দৌরাত্ম্যে অসহায় রোগীরা!

স্টাফ রিপোর্টার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর ও বহির্বিভাগে দালালের দৌরাত্ম দিনের পর দিন বেড়েই চলেছে। হাসপাতালের ইনডোর ও বহির্বিভাগে দালালদের অবাদ বিচরণ রয়েছে। দালালদের অবাধ বিচরণের ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা এদের কাছে অসহায় হয়ে পড়েছে। প্রতিনিয়তই কোনো না কোনো রোগী দালালদের খপ্পরে তাদের সর্বস্ব হারিয়ে চিকিৎসা ছাড়াই বাসায় ফিরে যাচ্ছে। কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছেনা হাসপাতালের দালালদের। হাসপাতালের দালালরা লক্ষীপুর এলাকার ঔষুধের ফার্মেসী, নিম্নমানের ডায়গনস্টিক সেন্টারসহ বিভিন্ন ক্লিনিকে রোগী সরবরাহ করে থাকে। রামেক হাসপাতালের বহির্বিভাগ সংলগ্ন রাস্তার ধারে বেশ কিছু ঔষুধের ফার্মেসী গড়ে উঠেছে।

এ সব ফার্মেসীগুলোতে কোন ক্রেতা নিজ ইচ্ছা থেকেই যায়না। বিভিন্ন দালাল বাহিরে থেকে আসা রোগীদেরকে কম টাকায় ঔষুধ কিনে দেয়ার কথা বলে ওই ফার্মেসীগুলোতে নিয়ে যায়। ফার্মেসীগুলোতে নেয়ার পরে অতিরিক্ত দাম ধরে ভুয়া স্লিপ হাতে ধরিয়ে দেয়। আর এ সব দালাল নির্ভর ফার্মেসীগুলোতে মূলত দালালরাই রোগী নিয়ে যায়। কিছু ফার্মেসীর মালিক তাদের ঔষুধ বিক্রির জন্য হাসপাতালে দালাল নিয়োগ করেছে। যারা ফার্মেসীর দালাল হিসেবে কাজ করে তাদের পার্সেন্ট হিসেবে টাকা প্রদান করা হয়। এ ফার্মেসীগুলো মূলত বাজারের অন্য ফার্মেসীর চেয়ে অনেক বেশি দাম ধরে থাকে ক্রেতাদের কাছ থেকে। যার ফলে ক্রেতারা একবার তাদের কাছে গেলে আর ওই ফার্মেসীতে ঔষুধ কিনতে যায়না। এসব দালাল হাসপাতালে প্রকাশ্যে ঘুরলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়না কর্তৃপক্ষ। মাঝে মাঝে ২/১ জন ধরা পড়ে। তবে বেশির ভাগ দালাল ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব ফার্মেসীতে নির্দিষ্ট কিছু ঔষুধ ছাড়া অন্য কোন ঔষুধ পাওয়া যায়না। রামেক হাসপাতালের ইনডোর ও আউটডোরে রোগীদের নিরাপত্তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আনসার বাহিনী মোতায়েন করেছে। সরজমিনে হাসপাতালের বহিবর্বিভাগে গিয়ে দেখা গেছে, আনসার সদস্যরা বহির্বিভাগের মুল গেটে দাঁড়িয়ে আছে অথচ হাসপাতালের ভেতরে দালালরা অবস্থান করছে। হাসপাতালের প্রতিটি গেটেই আনসার সদস্য মোতায়েন করা হয়েছে রোগীদের নিরাপত্তার জন্য। এত কিছুর পরেও কিভাবে আনসার সদস্যদের চোখ ফাঁকি দিয়ে দালালারা ভেতরে প্রবেশ করছে। তাহলে কি ডিউটিরত আনসারের সাথে তাদের কোন গোপন সমঝোতা আছে যার কারণে তারা দালালদেরকে অবাধ প্রবেশের সুযোগ দেয়।

গোদাগাড়ী থেকে আসা এক ব্যক্তি অভিযোগ করে বলেন, আমরা সাধারণ মানুষরা যখন হাসপাতালের গেট দিয়ে ভেতরে প্রবেশ করি তখন কর্তব্যরত আনসার সদস্যরা গেট পাশ চাই কিন্ত দালাল প্রবেশ করলে তাদের কাছে গেট পাশ চাইনা। এভাবেই দালালরা হাসপাতালে প্রবেশ করে রোগীদের ধরে নিয়ে যায়। সূত্রে জানা গেছে, আবার কিছু কিছু দালাল নিজের নির্দিষ্ট কিছু ফার্মেসী ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচল দিলে তাদের কিছু বলা হয়না। তারা অবাদে কাজ করতে পারে। এ বিষয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট