টানা দুই বলে ফিরলেন তানজিদ ও মুশফিক

নতুন প্রভাত ডেক্স
সেশনের শুরু থেকেই তানজিদ ও হৃদয়কে স্বস্তিতে খেলতে দেননি রাবাদা। এই পেসারই শেষ পর্যন্ত আবারও বাংলাদেশের বিপদের কারণ হলেন। টানা দুই বলে ফিরলেন তানজিদ ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। মানচিত্রদেখুন

রাবাদার বাইন্সর টেনে উইকেটে এনে বোল্ড হয়েছেন তানজিদ। ভাঙে হৃদয়ের সঙ্গে তার ৯৯ রানের জুটি। পরের বলেই তৃতীয় স্লিপে ক্যাচ দেন মুশফিক। ৩ উইকেটে ১২১ থেকে মুহূর্তেই স্কোরবোর্ড হয়ে যায় ৫ উইকেটে ১২১!

তানজিদের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

প্রথম ঘণ্টায় তিন উইকেট হারানোর পর আর বিপদ বাড়তে দেননি তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন ওপেনার তানজিদ।

জোহানেসবার্গ টেস্টের প্রথম সেশনে ২৬ ওভারে ৩ উইকেটে ৯১ রান করেছে বাংলাদেশ। তিনটি উইকেটই নিয়েছেন কাগিসো রাবাদা।

৭৯ বলে পঞ্চাশ স্পর্শ করে ৮২ বলে ৯ চারে ৫১ রানে খেলছেন তানজিদ। ৪৩ বলে দুই চারে ২৩ রানে ব্যাট করছেন হৃদয়। ২২ রানে ৩ উইকেট হারানোর পর ১০৩ বলে তারা যোগ করেছেন ৬৯ রান।

অভিষেকে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেয়েছেন মাহফিজুল ইসলাম। শূন্য রানে থেমেছেন অভিজ্ঞ মুমিনুল হক। দুই অঙ্ক ছুঁয়েই বিদায় নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

আন্তর্জাতিক অভিষেকটা দুঃস্বপ্নের মতো হলো মাহফিজুল ইসলামের। তার মতো রানের খাতা খুলতে পারেননি মুমিনুল হকও। সঙ্গে নাজমুল হোসেন শান্তকেও ফিরিয়ে বাংলাদেশের শুরুটা নড়বড়ে করে দিয়েছেন কাগিসো রাবাদা।

রাবাদার প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন মাহফিজুল। বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টের কোনো ইনিংসে প্রথম বলেই আউট হলেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান।

সব মিলিয়ে অভিষেকে প্রথম বলে আউট হওয়া বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার তিনি। আগের তিনজনই ছিলেন বোলার- ২০০৪ সালে নাজমুল হোসেন, ২০০৬ সালে আব্দুর রাজ্জাক ও ২০১৮ সালে নাজমুল ইসলাম।

টেস্ট ইতিহাসে অভিষেক ম্যাচের প্রথম বলে আউট হওয়া চতুর্থ ক্রিকেটার মাহফিজুল। তার আগে ১৯৯২ সালে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জিমি কুক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক ও ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের আব্দুল মালিক অভিষেক ম্যাচের প্রথম বলে আউট হয়েছিলেন।

টেস্ট ম্যাচের প্রথম বলে উইকেট পাওয়া দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হয়েছেন রাবাদা। তার আগে ১৯০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে বার্ট ভোলার, ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যালান ডোনাল্ড ও ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ডেল স্টেইন ম্যাচের প্রথম বলে উইকেট পেয়েছিলেন।

নিজের পরের ওভারে মুমিনুল হককে কট বিহাইন্ড করেন রাবাদা। ফেরার ম্যাচে ৭ বলে শূন্য রানে আউট হলেন মুমিনুল।

তৃতীয় ওভারে ২ রানে ২ উইকেট হারানো দলকে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (২২ বলে ১২) হারায় দলীয় ২২ রানে। দলীয় নবম ও রাবাদার পঞ্চম ওভারে বোল্ড হয়ে যান শান্ত।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ১১২তম টেস্ট ক্রিকেটার হিসেবে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হচ্ছে মাহফিজুল ইসলামের।

জোহানেসবার্গে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার বেলা ২টায়। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা বললেন, টস জিতে তিনিও ব‍্যাটিং নিতেন।

তিন পেসারের সঙ্গে এক স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের সঙ্গে একাদশে একমাত্র স্পিনার মেহেদী হাসান মিরাজ।

ওপেনিংয়ে মাহফিজুল। মুশফিকুর রহিম ও মুমিনুল হকের দুই জন ফিরলেও একাদশে জায়গা ধরে রেখেছেন তাওহিদ হৃদয়।

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে একাদশে জায়গা পেয়ে গেলেন মাহফিজুল। চলতি জাতীয় ক্রিকেট লিগে পাঁচ ম্যাচের ১০ ইনিংসে ৭৪.৬৬ গড়ে ২২ বছর বয়সী ওপেনার করেন ৬৭২ রান।

সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ ম্যাচে ৩৩.৬৭ গড়ে তার সংগ্রহ ১ হাজার ১৪৫ রান। তিন ফিফটির সঙ্গে চারটি সেঞ্চুরি করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা একাদশ সাজিয়েছে চার পেসার নিয়ে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান খুবই নাজুক। এখন পর্যন্ত খেলা আট টেস্টের পাঁচটিই তারা হেরেছে ইনিংস ব্যবধানে। বাকি তিনটিতে পরাজয় ২২০, ৩৩২ ও ৩৩৩ রানে। মানচিত্রদেখুন

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, মার্কাস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, সাইমন হার্মার, কাগিসো রাবাদা, ডেইন প্যাটারসন।
সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট