শিক্ষা খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ গুগলের
নতুন প্রভাত ডেক্স
শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ, অনলাইন শিক্ষাসামগ্রী উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে গুগল। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারেও কাজ করতে চায় প্রতিষ্ঠানটি।
রোববার (১৫ নভেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গুগলের একটি প্রতিনিধি দল। গুগলের স্পেশাল প্রজেক্টসের গ্লোবাল লিড টিমোথি পাওলিনির নেতৃত্বে প্রতিনিধি দলটি মন্ত্রীর বাসভবনের অফিসকক্ষে এ সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী শিক্ষা ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার ও বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শিক্ষা ব্যবস্থাকে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে গুগলের সহযোগিতার সুযোগ রয়েছে।
মন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াতে শিক্ষকদের প্রশিক্ষিত ও দক্ষ করে তোলা প্রয়োজন। এ লক্ষ্যে সরকার ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষসহ বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নেও গুগল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ ছাড়া শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষামূলক কনটেন্ট উন্নয়ন এবং অন্যান্য প্রযুক্তিনির্ভর উদ্যোগেও গুগলের সহযোগিতার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
এ সময় গুগলের প্রতিনিধিরা শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। তারা শিক্ষক প্রশিক্ষণ, অনলাইন শিক্ষাসামগ্রী উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা উদ্যোগ, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
সূত্র: ইনকিলাব
