গোদাগাড়ীতে শিহাব হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

গোদাগাড়ী সংবাদদাতা

গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মোঃ হাবিবুল বাশার শিমুল (২০)-কে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) এসআরবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর রাত ১১টায় এসআরবি-৫, সিপিএসসি, রাজশাহী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী থানার ১ নং মামলার হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরে অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে আসামি মোঃ হাবিবুল বাশার শিমুল (২০), পিতা- মোঃ ইব্রাহিম আলী, সাং- লস্করহাটি, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ভিকটিম শিহাব রানা অটো রিকশার মালিক বিপ্লবের বাড়ি হতে অটোরিকশা নিয়ে ভাড়ায় চালানোর জন্য বাহির হয়ে আর ফিরে আসেননি। এ ঘটনায় ভিকটিম শিহাবের মা শিরিন আক্তার গত ২৮ অক্টোবর গোদাগাড়ী থানায় একটি নিখোঁজ জিডি করেন। এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর সকাল আনুমানিক ৮ টার সময় গোদাগাড়ী থানার মোহনপুর ইউপির কলিপুর গ্রাম এলাকায় গোদাগাড়ী টু আমনুরা গামী পাকা রাস্তার পশ্চিম পাশে জনৈক কামরুজ্জামানের ধানী জমিতে তার লাশ পাওয়া যায়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট