পাটের দামও ভাল পাটকাঠিতে আশার আলো দেখছেন উত্তরাঞ্চলের পাট চাষিরা
স্টাফ রিপোর্টার
এক সময় বলা হতো সোনালী আঁশ কৃষকের গলার ফাঁস। এখন সে অবস্থা আর নেই। শুধু সোনালী আশঁই নয় পাট কাঠিতেও আশার আলো দেখছেন উত্তরাঞ্চলের পাট চাষীরা। পাটের পাশাপাশি পাটকাঠি বিক্রি করেও লাভবান হওয়ায় তাদের চোখে মুখে এখন হাসির ঝিলিক।
একটা সময় ছিল যখন পাটকাঠি দিয়ে প্রধানত গ্রামের অস্বচ্ছল পরিবারের ঘরের বেড়া তৈরি করা হতো আর জ্বালানি হিসেবেও এর যথেষ্ট ব্যবহার ছিল। কিন্তু প্রযুক্তির কল্যাণে পাটকাঠি এখন ক্রমশ অর্থকরী পণ্য হয়ে উঠেছে। পানের বরজ, পার্টিকেল বোর্ড ও চারকোল কারখানায় পাটকাঠির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।
বর্তমানে গোদাগাড়ী উপজেলায় পাট ধোঁয়ার পর পাটকাঠি শুকিয়ে আঁটি আঁটি করে রাখার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণিরা। গ্রামীণ সড়কের পাশে মাইলের পর মাইল জুড়ে চলছে পাটকাঠি শুকানোর কাজ। পাটের চেয়ে কদর বাড়েছে পাটকাঠির। আবহমান কাল থেকে রান্নার জ্বালানি, ঘরের বেড়া, পানের বরজ, গৃহস্থালী সামগ্রীসহ বিভিন্ন সৌখিন পাটজাত পণ্য তৈরির কাজে পাটকাঠির জুড়ি নেই। বর্তমানে বিভিন্ন পার্টিকেল বোর্ড তৈরি ছাড়াও বিভিন্ন কলকারখানায় পাটকাঠির ব্যবহার হচ্ছে। ফলে পাটকাঠির মূল্য ক্রমশ বেড়েই চলেছে। একসময় শুধু মাত্র জ্বালানি হিসেবে ব্যবহার হতো পাটকাঠি। এখন পাটকাঠির বহুমুখী ব্যবহারের কারণে কদর বেড়েছে কয়েক গুন। গোদাগাড়ীর কুমুরপুর, রাজবাড়ী, চরআষাড়িয়াদহ, কানাপাড়া, ভাটুপাড়া, বিদিরপুর, প্রেমতলী, বাসুদেবপুর প্রভূতি এলাকায় ঘুরে দেখা যায়, রাস্তার দুপাশ দিয়ে পাটকাঠি শুকাতে দেওয়া হয়েছে। রান্নার কাজের জ্বালানি সংগ্রহ করার জন্য ভোরে বিভিন্ন এলাকার মহিলা পাটচাষিদের কাছ থেকে পাট চেয়ে আঁশ ছাড়াতে সহায়তা করছেন, বিনিময়ে নিচ্ছেন পাটকাঠি।
পাট চাষী আব্দুল মতিন জানান, দুর-দুরান্ত থেকে ব্যবসায়ীরা এসে পাটকাঠি কিনে নিয়ে যাচ্ছেন। এক আাঁটি পাটকাঠি ১০০/১২০ টাকা করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন।
এদিকে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে স্বল্প মূল্যে পাটকাঠি ক্রয় করে ভ্যানযোগে পার্শ্ববর্তী শহরে নিয়ে বিক্রি করছেন চড়া দামে। প্রতিদিনই বেশ কিছু টাকা আয় করছেন তারা। এমনই একজন পাটকাঠি ব্যবসায়ী জালাল শেখ বলেন,এখন পাটকাঠি বিক্রির মৌসুম।তাই আমরা পাটচাষিদের কাছ থেকে ২০/ ৩০ টাকা মুঠোপ্রতি কিনে শহরে গিয়ে ৫০ থেকে ৬০ টাকা বিক্রি করছি। এতে করে ভ্যানপ্রতি আমাদের ১৫০০ থেকে ২০০০ টাকা আয় হয়।
গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ন আহম্মেদ জানান, চলতি বছর গোদাগাড়ীতে পাটের বাম্পার ফলন হলেও জাগ দেয়া নিয়ে কোন সমস্যা হয়নি। কিন্তু বাজারে পাটের দামও ভাল। হাট-বাজারে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৪ হাজার ৯০০ থেকে ৫ হাজার ১০০ টাকা দরে। বাড়তি আয় হিসেবে পাটের উপজাত এই পাটখড়ি বা পাটকাঠি দিয়ে পানের বরজ, কার্বন ফ্যাক্টরী সহ বিভিন্ন কাজে ব্যবহার হওয়ায় বাজারে দিন দিন এর চাহিদা বাড়ছে। এ কারণে ভালো দামে পাটকাঠি বিক্রি করে এ অঞ্চলের কৃষকেরাও হচ্ছেন লাভবান।
