নগরীতে রোমোর নতুন সদস্যদের বরণ ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে সাংবাদিকতায় পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সাংবাদিক নেতারা। তারা বলেছেন, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিস্তারের এই সময়ে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় তথ্যের নির্ভুলতা, বিশ্বাসযোগ্যতা ও পেশাগত নৈতিকতার সঙ্গে কোনো আপস করা যাবে না। সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রতিযোগিতার চেয়ে তথ্যের সত্যতা ও বস্তুনিষ্ঠতাকে প্রাধান্য দিতে হবে।
গতকাল সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন (রোমো)-এর নতুন সদস্যদের বরণ ও আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত। রোমোর আহ্বায়ক মোহাম্মদ হুজাইফার সভাপতিত্বে এবং সদস্য সচিব তুহিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) রাজশাহী প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক কালবেলার রাজশাহী বিভাগীয় প্রধান মাহবুব হুসাইন, বাংলাদেশ বেতারের রাজশাহী মহানগর প্রতিনিধি আশিকুর রহমান। অনুষ্ঠানে রোমোর নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
