বড়াইগ্রামে মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, কিশোর নিহত
নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে আসিব হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এছাড়া সিয়াম হোসেন (১৫) নামে আরেক কিশোর আহত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বাহিমালি হেলিপোর্ট এলাকায় বনপাড়া-লালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিব হোসেন উপজেলার হারোয়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় তারা দুজন মোটরসাইকেলযোগে হারোয়া কালিবাড়ি থেকে বাহিমালির দিকে যাচ্ছিল। পথে হেলিপোর্ট এলাকায় একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিবকে মৃত ঘোষণা করেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
