নগরীতে জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

‘করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবায় দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯ টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার প্রদান করা হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় রাসিক প্রশাসক রিটন বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নেও অবদান রাখতে পারে। এ জন্য সমবায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে এগিয়ে আসতে হবে। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার (সিটিএসবি) মো. মনিরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও সমবায় সমিতির মাঝে পুরস্কার প্রদান করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট