গ্রেফতার

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ছিনতাই, মূলহোতাসহ ৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার

রাজশাহীর চারঘাটে ব্যাটারিচালিত ভ্যানচালককে অতর্কিত কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ভ্যান, মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূলহোতাসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

গ্রেফতারকৃত আসামিরা হলো, ছিনতাইকারী চক্রের মূলহোতা জহিরুল ইসলাম এবং তার দুই সহযোগী সহিদুল ইসলাম ও আলমগীর হোসেন। গ্রেফতারকৃত জহিরুল একজন চিহ্নিত ছিনতাইকারী ও চোরাচালানকারী। তার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে অন্তত আটটি মামলা রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে চারঘাট থানার শিশাতলা এলাকায় এক মর্মান্তিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভ্যানচালক তফিকুল ইসলাম তার ব্যাটারিচালিত ভ্যানে দুজন যাত্রী নিয়ে যাওয়ার সময় যাত্রীবেশী ছিনতাইকারীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো চাকু দিয়ে কুপিয়ে তার হাত গুরুতর রক্তাক্ত জখম করে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। পরবর্তীতে তারা ভ্যানচালকের ব্যাটারিচালিত ভ্যান, একটি মূল্যবান স্মার্টফোন এবং নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম তফিকুল ইসলামের ছেলে চারঘাট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দণ্ডবিধির ৩৯৪ ধারায় একটি দস্যুতা মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই এসআরবি-৫, সদর কোম্পানি রাজশাহীর একটি চৌকস অপারেশন দল বিষয়টি নিয়ে গভীর ছায়াতদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ১৩ অক্টোবর রাত দেড়টায় এসআরবি-৫-এর একটি আভিযানিক দল রাজশাহী জেলার বাঘা থানাধীন মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে চারঘাট থানার উক্ত দস্যুতা মামলার প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী ছিনতাইকারী চক্রের মূলহোতা জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জহিরুলকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভ্যান ছিনতাইয়ের সাথে জড়িত আলমগীর এবং ফোন ছিনতাইয়ের সাথে জড়িত অপর সহযোগী সহিদুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তিনজনই ভ্যানচালক তফিকুল ইসলামের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরবর্তীতে গ্রেফতারকৃত সব আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট