নিহত সেনা সদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলন
স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় সেনাসদস্য তাসনিম রিফাতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। গত রোববার সকালে এমপি মিলন রিফাতের শোকাহত পরিবারের লোকজনের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন।
এ সময় এমপি নিহত তাসনিম রিফাতের বাবা আসাদুল ইসলামের সঙ্গে কথা বলেন। ছেলেকে হারানোর শোকে ভেঙে পড়া বাবাকে সান্ত্বনা দেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ ছাড়াও তিনি রিফাদের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তার সার্বিক খোঁজখবর নেন। পরে রিফাতের বাবা, ভাই, দলীয় নেতৃবৃন্দ, রিফাতের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে তাঁর কবর জিয়ারত করেন এবং নিহত সেনা সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় এমপি মিলন বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে তাসনিম রিফাতের এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। একজন তরুণ সেনাসদস্যের আকস্মিক মৃত্যু শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো দেশের মানুষের জন্যই গভীর শোকের।
এ সময়ে জেলা বিএনপির সদস্য শাহজাহান আলী, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার, আব্দুল হালিম ও কুতুব উদ্দিন বাদশা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
