ভবানীগঞ্জ খাদ্য গুদাম চত্বরে কাটা গাছ এক যুগেও বিক্রি হয়নি
স্টাফ রিপোর্টার, বাগমারা:
রাজশাহীর বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জ খাদ্য গুদাম (এলএসডি) গোডাউনে সংরক্ষিত সরকারী অফিস চত্বরে বিভিন্ন প্রজাতীর কয়েকটি কাটা গাছ দীর্ঘ দিন ধরে পড়ে থাকায় নষ্ট হয়ে পড়েছে। বিষযটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বার বার উর্দ্ধতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার চিঠি চালাচালি করলেও তার কোন সুরহা হয়নি বলে জানান উপজেলা খাদ্য খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) মকদুবুল হক বিশ্বাস। স্থানীয় সচেতন মহল বলছেন, গাছগুলো নিয়ম অনুযায়ী দ্রুত পরিদর্শন, তালিকাভুক্তি ও নিলামের মাধ্যমে কাটা গাছগুলো বিক্রি করা হলে সরকারি কোষাগারে রাজস্ব জমা হতে পারে। পাশাপাশি দীর্ঘদিন পড়ে থেকে মূল্যবান কাঠ নষ্ট হওয়ার আশঙ্কাও থাকবে না। এছাড়া মরা ও পচা গাছ গুলো গোডাউন চত্বরের বিছিন্ন ভাবে ছড়িয়ে কাটা গাছ সৌন্দর্য নষ্টসহ পরিবেশ দূষণ সৃষ্টি করছে স্থানীয়রা এমনটি মনে বলছেন।
জানা গেছে, উপজেলা সদর ভবানীগঞ্জ গোডাউন মোড় উপজেলার একটি গুরুত্বপূর্ণ স্থান। সরকারী খাদ্য গুদাম থাকায় ওই এলাকা এক নামে গোডাউন মোড় হিসেবে সকলের পরিচিত। মোড় সংলগ্ন সংরক্ষিত সরকারী খাদ্য গুদাম অফিস চত্বরটি পুরা প্রাচীর ঘেরা। ভিতরে রয়েছে সৌন্দর্যবর্ধিত কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ। কিন্তু কোন এক সময়ে বর্ধিত গোডাউন ঘর বা প্রাচীর নির্মাণের সময় বেশ কিছু গাছ কাটা পড়ে। ফলে গাছ গুলো বিক্রির যথাযথ প্রক্রিয়ায় সমাধান না মেলায় গোডাউন কর্র্তৃপক্ষ গাছ গুলো আজেও নিলামে বিক্রি করতে পারেনি। এতে করে গাছ গুলো বছরের পর বছর পড়ে থেকে অকেজু হয়ে পড়েছে।
বিষয়টি দ্রুত তদন্ত করে জব্দ করা গাছগুলোর বর্তমান অবস্থা নিরূপণ এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার উপজেলায় সদ্যই যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, বিষয়টি আমার জানা নেই। গাছগুলো বন বিভাগের মাধ্যমে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার ব্যবস্থা করা যেতে পারে কি না তা খতিয়ে দেখা হবে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান উপস্থিত ছিলেন, তিনিও একই ভাবে মতপোষণ করেন।
