রাবি জুলাই-৩৬ হলে ৪৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই-৩৬ হলে ৪৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে হলটির অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ৪৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, ‘প্রতিটি বিভাগেই নারী শিক্ষার্থীরা ভালো করছে। বেশিরভাগ বিভাগে প্রথম দিকের সিরিয়ালে মেয়েদের উপস্থিতি বেশি। এটি নারীদের জন্য খুবই ইতিবাচক একটি দিক। একসময় নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করা হতো। এখন সেখানেই তারা ভালো করছে। এটি অত্যন্ত গর্বের বিষয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক অধ্যাপক ড. শরিফুল ইসলাম, শাহ মাখদুম হলের প্রাধ্যক্ষ ড. সারওয়ার জাহান, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ড. শরমিন হামিদ,মন্নুজান হলের প্রাধ্যক্ষ ড. আশিয়ারা খাতুন, রহমাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ ড. মোসা. ইসমত আরা বেগম, রোকেয়া হলের প্রাধ্যক্ষ ড. সাবিনা সুলতানা, তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ ড. তারান্নুম নাজসহ জুলাই-৩৬ হলের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
