বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার গভীর নলকূপকে সৌর চালিত করার পরিকল্পনা রয়েছে : চেয়ারম্যান
বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থাকে আরও আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব করতে বিএমডিএ’র আওতাধীন গভীর নলকূপগুলো পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎচালিত পাম্পে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন। গতকাল সোমবার বিএমডিএর প্রধান কর্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় বিএমডিএ’র নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান (গ্রেড-২) সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সভাপতি চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারাদেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে দেশের বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে বরেন্দ্র অঞ্চলের প্রায় ১৫ হাজার গভীর নলকূপ পর্যায়ক্রমে সৌরচালিত পাম্পে রূপান্তরের উদ্যোগ নিতে হবে। সৌরচালিত ডিপ টিউবওয়েল চালু হলে একদিকে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও পরিচালনা ব্যয় কমবে অন্যদিকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে সরকারের বিদ্যুৎ সাশ্রয় ও উৎপাদনে ভূমিকা রাখা সম্ভব হবে। একই সঙ্গে সৌরশক্তিনির্ভর সেচ ব্যবস্থা চালু হলে কৃষকের সেচ ব্যায় কমানো, সময়মতো সেচ নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার ঝুকি কমানো সম্ভব হবে। এর ফলে কৃষক সরাসরি উপকৃত হবেন এবং বরেন্দ্র অঞ্চলের কৃষি ব্যবস্থা আরও টেকসই ও আধুনিক হবে।
তিনি কর্মকর্তাদের মাঠপর্যায়ে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রকল্প গ্রহণের আগে স্থানীয় কৃষক ও জনগণের সমস্যা ও প্রয়োজন জানতে হবে। বাস্তব চাহিদার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হলে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। সভায় নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান বলেন, বরেন্দ্র অঞ্চলের কোনো জমি যেন পানির অভাবে অনাবাদি না থাকে, সে বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। বরেন্দ্র অঞ্চলের বিএমডিএ’র কমান্ড এরিয়ার মধ্যে বিভিন্ন সমস্যার কারণে যেসব ডিপ টিউবওয়েল বর্তমানে বন্ধ রয়েছে, সেগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে। প্রয়োজনে সংশিষ্ট প্রকৌশলী ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের সরেজমিনে পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, সচিব মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী এ,এস.এম দেলোয়ার হোসেন প্রমুখ।
