কালবেলায় সংবাদ প্রকাশের পর সেই ডাইং কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‘কারখানার বিষাক্ত বর্জ্যে বন্দি পরিবার, চুলা জ্বালাতেও ভোগান্তি’ শিরোনামে জাতীয় দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর বেলকুচির সেই ডাইং কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বেলকুচি উপজেলায় তামাই গ্রামে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

অভিযানে পরিচালনাকালে কারখানার দূষণ ও পরিবেশগত নিয়ম অমান্য করার দায়ে ডাইং কারখানার মালিক তামাই গ্রামের আব্দুল মজিদ লাকী হাজীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সিরাজগঞ্জের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ডাইং কারখানাটি রাসায়নিক মিশ্রিত বিষাক্ত বর্জ্য খোলা জায়গায় ফেলে আসছিল। এতে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে। বিষাক্ত বর্জ্যের দুর্গন্ধের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। বিশেষ করে পার্শ্ববর্তী পরিবারগুলো বিষাক্ত ধোঁয়া ও কারখানার বিষাক্ত বর্জ্যের কারণে বাড়ির আঙ্গিনায় চুলা জ্বালাতেও চরম ভোগান্তিতে পড়তেন।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ ও দুর্বিষহ জীবনের চিত্র তুলে ধরে সম্প্রতি দৈনিক কালবেলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রশাসনের নজরে আসলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান জানান, সংবাদ প্রকাশের পর আমরা বেলকুচি উপজেলার তামাই গ্রামে অবৈধ ডাইং কারখানায় অভিযান পরিচালনা করেছে। এতে তামাই গ্রামে আব্দুল হামিদ লাকী হাজীকে উন্মুক্ত জায়গায় ডাইং কারখানার বিষাক্ত বর্জ্য ফেলার দায়ে পরিবেশ সংরসংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করেছি। সেই সঙ্গে ওই গ্রামের আরও তিনটি ডাইং কারখানাকে পঞ্চাশ হাজার টাকা করে মোট আড়াই লাখ জরিমানা করা হয়েছে।

আফরিন জাহান আরও বলেন, পরিবেশের ক্ষতি করে ও সাধারণ মানুষের জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে ব্যবসা করার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী, আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: কালবেলা

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট