নগরীতে সামারি ট্রায়ালে চোরের দেড় বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বাসার তালা ভেঙে চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক এক যুবককে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল  সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে রাজপাড়া থানাধীন তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রাহিদুল ইসলাম (৩০)। তিনি বোয়ালিয়া থানার জিন্নাহনগর মথুর ডাঙ্গা গ্রামের মাইনুল ইসলামের ছেলে।

নগর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাসার নিচতলায় কেউ না থাকার সুযোগে রাহিদুল ইসলাম তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তিনি মোটরসাইকেলের ব্যাটারিসহ বিভিন্ন মালামাল চুরি করছিলেন। এ সময় বাসার মালিক লালন শাহের স্ত্রী বাড়িতে ফিরে রাহিদুলকে চুরিরত অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার করলে রাহিদুল পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে তাকে আটক করেন।

খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাহিদুল ইসলামকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একাধিক চাবি, লোহার শাবল, প্লাস ও হাতুড়ি এবং চুরি করা মোটরসাইকেলের ব্যাটারি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা আলামতসহ রাহিদুল ইসলামকে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতা উল্লাহর আদালতে হাজির করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রম পরিচালনা করেন। আদালতে রাহিদুল ইসলাম নিজের দোষ স্বীকার করলে বিচারক তাকে দেড় বছরের কারাদণ্ড দেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট