সালমান খানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, বিতর্কে ‘পঞ্চায়েত’ অভিনেতা
ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’খ্যাত অভিনেতা আসিফ খান এবার বিতর্কে জড়িয়েছেন ‘বিগ বস ২০’-এর ঘরে দেওয়া এক মন্তব্যকে ঘিরে। পুরুষত্ব ও গোঁফ নিয়ে তার বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি ‘বিগ বস’-এর ঘরে অধিনায়কত্ব নির্বাচন নিয়ে প্রতিযোগীদের মধ্যে আলোচনা চলছিল। এ সময় প্রতিযোগী গুল্লু অভিযোগ করেন, আরেক প্রতিযোগী ইয়াং ডিএসএ তার দলের সব সদস্যের গোঁফ নিজের পছন্দমতো সাজিয়ে দিচ্ছেন। এর জবাব দিতে গিয়ে নিজের রাজস্থানি সংস্কৃতির প্রসঙ্গ টেনে আনেন আসিফ খান। তিনি বলেন, ‘আমরা রাজস্থান থেকে এসেছি। এই গোঁফ আমাদের পরিচয়, আর যাদের গোঁফ নেই, তাদের আমরা পুরুষ মানুষ বলে গণ্যই করি না! তাই দাড়ি-গোঁফ এমনই রাখা হয়।’ আসিফের এমন মন্তব্যের পরই অনুষ্ঠানের অন্য প্রতিযোগীরা প্রতিবাদ জানান। তাদের বক্তব্য, গোঁফ থাকা বা না থাকার সঙ্গে পুরুষত্বের কোনো সম্পর্ক নেই। এ প্রসঙ্গে তারা অনুষ্ঠানের সঞ্চালক সালমান খানের প্রসঙ্গও টেনে আনেন, কারণ সালমান খানকেও সবসময় গোঁফে দেখা যায় না। অন্য এক প্রতিযোগী আসিফের বক্তব্যের বিরোধিতা করে বলেন, একজন প্রকৃত পুরুষ কখনো উগ্র বা হিংসুটে হন না; বরং তিনি পুরো পরিবারকে একসঙ্গে আগলে রাখেন। এদিকে আসিফ খানের মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা। নেটিজেনদের একাংশ মনে করছেন, তার বক্তব্যের মধ্য দিয়ে পরোক্ষভাবে সালমান খানকেও ইঙ্গিত করা হয়েছে। যদিও এটি নিয়ে আসিফ খানের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়ার কথা জানা যায়নি। এ ঘটনায় ‘বিগ বস ২০’-এর ঘরে বিতর্ক আরো গড়ায় কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সূত্র: কালের কন্ঠ
