সালমান শাহ: অপমৃত্যু থেকে হত্যা মামলা, ডন গ্রেপ্তার, ৩০ বছরে আর যা হলো

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ৩০ বছর পূর্ণ হলো আজ। এই দীর্ঘ সময়েও তাঁর মৃত্যুরহস্যের জট খোলেনি। সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা হয়। মামলাটি এখন তদন্ত পর্যায়ে আছে। তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এখন পর্যন্ত ৯ বার পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য ২৯ সেপ্টেম্বর তারিখ ধার্য রয়েছে। সালমান শাহর মা নীলা চৌধুরী প্রথম আলোকে বলেন, ৩০ বছর ধরে বিচারের অপেক্ষায় আছেন। এই হত্যা মামলার দ্রুত বিচার চান তিনি।

সালমান শাহর পারিবারিক নাম শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। তাঁর জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর। জন্মস্থান সিলেটের জকিগঞ্জ উপজেলা। বাবা কমর উদ্দিন চৌধুরী, মা নীলা চৌধুরী। পরিবারের বড় ছেলে সালমান শাহ। ঢাকার চলচ্চিত্রে সালমান শাহ মাত্র চার বছর অভিনয় করেছেন। এই অল্প সময়ের অভিনয়জীবনে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। স্থান করে নেন কোটি কোটি দর্শকের হৃদয়ে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে সালমান শাহর মৃত্যু হয়। তিনি ‘আত্মহত্যা’ করেছিলেন, নাকি তাঁকে ‘হত্যা’ করা হয়েছিল—এই প্রশ্নের মীমাংসা গত তিন দশকে হয়নি। সালমান শাহ থাকতেন রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এই বাসায় তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাঁর নিথর দেহ হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। মা-বাবার পক্ষ থেকে অভিযোগ করা হয়, এটি আত্মহত্যা নয়। সালমান শাহকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় প্রথমে অপমৃত্যুর মামলা হয়। এ বিষয়ে মা নীলা চৌধুরীর ভাষ্য, তাঁরা হত্যা মামলা করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ বলেছিল অপমৃত্যুর মামলা করতে। তদন্তে হত্যাকাণ্ডের বিষয়টি উঠে এলে তখন তা স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় রূপান্তরিত হবে। ১৯৯৭ সালের ২৪ জুলাই সালমান শাহর বাবা আদালতে একটি আবেদন করেন। আবেদনে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে নিতে আরজি জানান তিনি। কিন্তু আবেদনটি গ্রহণ করা হয়নি। সিআইডি ১৯৯৭ সালের ৩ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদন দিয়ে বলে, সালমান শাহ ‘আত্মহত্যা’ করেছেন। এই প্রতিবেদনের বিরুদ্ধে সালমান শাহর বাবা আদালতে রিভিশন আবেদন করেন। মামলাটি ২০০৩ সালে বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। ২০১৪ সালে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে ‘অপমৃত্যু’ হিসেবে উল্লেখ করা হয়। এই প্রতিবেদনও প্রত্যাখ্যান করে সালমান শাহর পরিবার। প্রতিবেদনের বিরুদ্ধে ২০১৫ সালে আদালতে ‘রিভিশন’ আবেদন করেন মা নীলা চৌধুরী। ২০১৬ সালে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। ২০২০ সালের ফেব্রুয়ারিতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। প্রতিবেদনে বলা হয়, সালমান শাহকে হত্যা করা হয়নি। তিনি আত্মহত্যা করেছেন। এই আত্মহত্যার পেছনে পাঁচটি কারণ ছিল। এর বিরুদ্ধে সালমান শাহর পরিবারের পক্ষ থেকে ‘রিভিশন’ আবেদন করা হয়। ২০২৫ সালের অক্টোবরে এই ‘রিভিশন’ আবেদন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে আদালত এই মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন। এরপর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ। মামলাটি তদন্ত করছে সিআইডি। তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মহানগর দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান। সূত্র : প্রথম আলো

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট