বাগাতিপাড়ায় পুকুর থেকে আনসার-ভিডিপি সদস্যের লাশ উদ্ধার
বাগাতিপাড়া প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় পুকুর থেকে আনসার ভিডিপির সদস্য শাহজাহান আলী (৫৩) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কোয়ালিপাড়া এলাকায় আব্দুল খালেকের পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়। শাহজাহান আলী চককোয়ালিপাড়া গ্রামের মৃত নাদের আলীর ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১১টার দিকে কোয়ালিপাড়া গ্রামের আরেকটি পুকুর পাড়ে কয়েকজন একসাথে মুড়ি মাখিয়ে খান। এরপর সেখান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন। পরদিন শনিবার সকালে পুকুর মালিক খালেকের ছেলে রফিকুল ইসলাম পুকুরে এসে দেখেন পাড়ের একটি গাছের সাথে শার্ট এবং নিচে স্যান্ডেল পড়ে আছে। তখন শাহজাহানের বাড়িতে খবর দেয়া হলে পরিবারের সদস্যরা এসে খোঁজাখুঁজি করে পুকুরের পানি থেকে তার লাশ উদ্ধার করে। মৃতের ভাতিজা রফিকুল ইসলাম জানান, উদ্ধারের সময় লাশের হাতে টর্চলাইট ছিল। তিনিসহ স্থানীয়দের দাবি, পুকুরের পানিতে গ্যাস করার ফলে মাছ মরে ভেসে উঠছিল। তিনি রাতে বাড়ি যাওয়ার সময় ওই মরা মাছ তুলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যেতে পারেন। মৃত শাহজাহানের ছেলে আসিফ আলী জানান, তার বাবা বেশিরভাগ সময় পাশের গ্রামেই থাকতেন। শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয়ে সেখানেই গিয়েছিলেন। রাতে তিনি বাড়ি ফিরেননি। শনিবার সকালে ফোনে জানতে পেরে চাচাদের সাথে গিয়ে পুকুর থেকে তার বাবার লাশ উদ্ধার করা হয়েছে। ইউপি সদস্য আব্দুল্লাহ শেখ জানান, লোকমুখে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
