চারঘাটে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহীর চারঘাটে ২০০ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে বানেশ্বর থেকে চারঘাটগামী আঞ্চলিক মহাসড়কের শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চারঘাট উপজেলার চাঁদনগর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. শাহাবুল হক (৩২) এবং শিবপুর গ্রামের মো. মজবির রহমানের ছেলে মো. মেহেদী হাসান নয়ন (২৮)।
পুলিশ জানায়, ১৮ সেপ্টেম্বর রাত ১১টা ২০ মিনিটে ডিবির এসআই (নিরস্ত্র) মো. আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চারঘাট এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শিবপুর বটতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে ফাঁকা জায়গায় দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত ১১টা ৪০ মিনিটে সেখানে অভিযান চালায় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় শাহাবুল হকের দেহ তল্লাশি করে তাঁর পরনের লুঙ্গির সামনের ডান কোঁচা থেকে নীল পলিথিনে রাখা ২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে অভিযানের সময় মো. শাহাবুর মেম্বার (৪৪) নামে আরও এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি চারঘাট উপজেলার তাতারপুর গ্রামের মো. আকবরের ছেলে। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে রাজশাহী জেলায় সাতটি, ফেনী জেলায় একটি এবং নাটোর জেলায় একটি মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের চারঘাট থানায় একটি মামলা করা হয়েছে।
