প্রতারণার অভিযোগে পুঠিয়ায় একজন আটক

স্টাফ রিপোর্টার

কখনও নিজেকে এনএসআই, কখনও সিআইডি, কখনও সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। আবার কখনও জনপ্রশাসন বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা। কথার ফাঁকে দাবি— টাঙ্গাইল ও গাজীপুরে রয়েছে তাঁর তিনটি গার্মেন্টস কারখানা, বিদেশে জনশক্তি রপ্তানিরও বড় ব্যবসা করেন তিনি। এমন একাধিক পরিচয়ের আড়ালে সাধারণ মানুষের আস্থা অর্জন করে প্রতারণার অভিযোগে অবশেষে পুঠিয়া থানা পুলিশের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর পুঠিয়া পৌর এলাকার কাঁঠালবাড়িয়া এলাকা থেকে এস এম ওমর ফারুক নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হরিণহাটি গ্রামে।

অভিযোগ অনুযায়ী, তিনি কখনও নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), কখনও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), আবার কখনও সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা বলেও নিজেকে পরিচয় দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি নিজেকে বড় শিল্পোদ্যোক্তা হিসেবেও উপস্থাপন করতেন।

পুঠিয়া থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট