রাসিকের মতবিনিময় সভা ডেঙ্গু প্রতিরোধে রাসিকের উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি
স্টাফ রিপোর্টার
মহানগরবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সভায় বিশেষজ্ঞ চিকিৎসক, কীট তত্ত্ববিদ, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত সচেতনতাও অত্যন্ত জরুরি। এডিস মশা সাধারণত জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, নির্মাণাধীন ভবনসহ আশপাশের এলাকায় কোথাও পানি জমে আছে কি না, তা নিয়মিত দেখতে হবে ও পরিস্কার করতে হবে। সভায় বক্তারা নগরবাসীর প্রতি সপ্তাহে অন্তত একদিন নিজ আঙিনা ও বাসাবাড়ি পরিষ্কার করার আহ্বান জানান। একই সঙ্গে পরিত্যক্ত পাত্র, টব, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো পরিষ্কার ও অপসারণের পরামর্শ দেওয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের ইতিহাসে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্য্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন। অতীতে কোন সরকার এমন উদ্যোগ নিয়েছি কিনা, আমাদের জানা নেই।
তিনি আরো বলেন, “ডেঙ্গু প্রতিরোধে নিয়মিতভাবে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল ধ্বংস, পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যদি পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা সহ ইত্যাদি স্থানে পানি জমতে না দেন, তাহলে এডিস মশার প্রজননস্থল অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। আরও সবুজ নগরী গড়তে ইতোমধ্যে দুই লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইনশাল্লাহ লক্ষমাত্রার চেয়ে বেশি গাছের চারা আমরা রোপণ করতে পারবো। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার ডা. মোফাখখারুল ইসলাম।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আজিজুল হক আজাদ বলেন, ডেঙ্গুর প্রাদূর্ভাব রাজশাহীতে বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর। যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। দিনে বা রাতে যে কোন সময় ডেঙ্গুবাহী সভায় ডেঙ্গু বিষয়ের সার্বিক তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা কীট তত্ত্ববিদ উম্মে হাবিবা এবং বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের কীট তত্ত্বীয় টেকনিশিয়ান আব্দুল বারী। ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের গৃহীত পদক্ষেপের তথ্য চিত্র উপস্থাপন করেন রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।
রাসিকের সচিব মোঃ সোহেল রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় রাসিকের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরবৃন্দ আরএমপির উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, তাছমিনা খাতুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাকসহ পরিচ্ছন্ন ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
