রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শেষমাথা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, ইয়াবা ও মোবাইল ফোনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের (আরএমপি) বিশেষ টিম। এ সময় তাদের কাছ থেকে চাকু, হাসুয়া ও চেইন রিং গিয়ার উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আলামিনসহ (২৫) আরও ৩-৪ জন পালিয়ে যায়। গত সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
নগর পুলিশ জানায়, গত সোমবার রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার শেষমাথা গ্রামে কয়েকজন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় আরএমপির বিশেষ টিম। পরে সেখানে অভিযান চালালে দুষ্কৃতকারীরা দৌড়ে বহরমপুর শেষমাথা গ্রামের সালমানের (২৩) বাড়ির ছাদে গিয়ে লুকানোর চেষ্টা করে। স্থানীয় লোকজনের সহায়তায় ছাদ ঘেরাও করে পুলিশ সালমান, নতুন বিলসিমলা গ্রামের বাঁধন ওরফে নুর (২৪), মো. বিদ্যুৎ (২১), আব্দুর রহিম (২২) ও নাইম আহাম্মেদকে (২৪) গ্রেপ্তার করে।
অভিযানে সালমানের কাছ থেকে ১৫ ইঞ্চি লম্বা লোহার চাকু, বাঁধনের কাছ থেকে ২৮ ইঞ্চি লম্বা হাসুয়া ও একটি মোবাইল ফোন, বিদ্যুতের কাছ থেকে ২৪ ইঞ্চি লম্বা চেইন রিং গিয়ার এবং আব্দুর রহিমের কাছ থেকে ১৯ ইঞ্চি লম্বা চেইন রিং গিয়ার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। নাইমের কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া পলাতক আলামিনের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার সালমানের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে তিনটি, পেনাল কোডে একটি এবং দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে। বিদ্যুতের বিরুদ্ধে দামকুড়া ও শাহমখদুম থানায় পৃথক দুটি জিআর মামলা রয়েছে। এ ঘটনায় রাজপাড়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
