প্রেমের ফাঁদে ফেলে রাবির সাবেক শিক্ষার্থীকে জিম্মি, নারীসহ গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকায় প্রেমের প্রলোভন দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায় ও নির্যাতনের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর বোয়ালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো, নগরীর বোয়ালিয়া থানার শেখপাড়া গ্রামের সারোয়ার জাহানের ছেলে মোহাম্মদ তৌকির জাহান স্মরণ (২৯), রাজপাড়া থানার ভাটাপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আবু রায়হান (২৪), একই থানার ভাটাপাড়া (সুফিয়ানের মোড়) গ্রামের শাহীন রেজা ওরফে নরেশ চন্দ্র মধুর ছেলে শাহরিয়ার মামুন (২৯) এবং বহরমপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে জুনাইরা ইসলাম (২২)।
নগর পুলিশ জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মির্জা মুজাহিদুল ইসলাম গাজী (২৮) বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, কয়েকজন ব্যক্তি প্রেমের প্রলোভন দেখিয়ে তাকে বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার স্বচ্ছ টাওয়ারের একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে তাকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায় ও নির্যাতন করা হয়। অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা যাচাই ও রহস্য উদঘাটনে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন তথ্য ও সূত্রের ভিত্তিতে বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে হানি ট্র্যাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা দেয়া হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
