জনবল সংকট রুয়েটের নিরাপত্তা ঝুঁকিতে, বাড়ছে চুরি
রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৫২ একরের বিশাল ক্যাম্পাসে নিরাপত্তারক্ষীর তীব্র সংকটে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছেনা। বাড়ছে বহিরাগতদের প্রবেশ, চুরি ও নানা অপ্রীতিকর ঘটনা। গতকাল বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রুয়েটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক বহিরাগত যুবককে গাঁজাসহ আটক করে আনসার সদস্যরা; এসময় সে আনসারের সাথে ধস্তাধস্তি করে। পরে তাকে মুছলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ল্যাপটপ, মোবাইল ও টাকা চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ১০ এপ্রিল থেকে ছাত্র হল রাত ১১টা ও ছাত্রী হল রাত ৯টায় বন্ধের নির্দেশ জারি করা হয়। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার তথ্যমতে, রুয়েটে বর্তমানে ৭৫ জন আনসার সদস্য থাকলেও, দৈনিক কার্যকরভাবে ৫০–৫৪ জন আনসার সদস্য তিন শিফটে নিরাপত্তায় থাকেন। প্রতি শিফটে গড়ে ১৮ জন পুরো ক্যাম্পাসের নিরাপত্তা দিচ্ছেন, যা পর্যাপ্ত নয়।
ক্যাম্পাসে ১৯টি নিরাপত্তা পোস্ট থাকলেও জনবল সংকটে সবগুলোতে পাহারা দেওয়া সম্ভব হচ্ছে না। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সদস্য মোতায়েন করায় অন্যান্য এলাকা অরক্ষিত থাকছে। আইসিটি সেলের তথ্য অনুযায়ী, ক্যাম্পাসে আধুনিক নজরদারি ব্যবস্থারও ঘাটতি রয়েছে; প্রয়োজনের তুলনায় সিসিটিভি কম এবং বিদ্যমান অনেক ক্যামেরাই অকেজো। এ বিষয়ে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার জানান, বাজেট সীমাবদ্ধতার কারণে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ সম্ভব হচ্ছে না; তবে বাজেট বাড়ানোর আবেদন করা হয়েছে। নিরাপত্তা প্রধান আবুল হাশেম বলেন, বর্তমান জনবল দিয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করা কঠিন; এজন্য দ্বিগুণ সদস্য ও আধুনিক সিসিটিভি জরুরি।
