নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর বোয়ালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
নগর পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর সাড়ে ৫ টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন ভদ্রা মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীরা ব্যানারসহ একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে এলাকায় ভীতিকর ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে। স্থানীয় লোকজন ও বাদী মিছিলে বাধা প্রদান ও তাদের নিষেধ করলে তারা বাদীকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। পরে বাদী পুলিশকে বিষয়টি জানানোর চেষ্টা করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বাদীকে মারধরের উদ্দেশ্যে এগিয়ে আসে। এতে বাদী ভীত হয়ে ঘটনাস্থল ত্যাগ করলে অভিযুক্তরাও ঘটনাস্থল থেকে চলে যায়। উক্ত ঘটনার মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কার্যক্রম পুনরায় সক্রিয় করার লক্ষ্যে ব্যানারসহ ঝটিকা মিছিল ও প্রচার-প্রচারণা চালানো এবং এ সংক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় এজাহার নামীয় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে রাজপাড়া থানার কাজীহাটা এলাকা হতে বোয়ালিয়া থানার হেতেমখাঁর স্বপন শাহর ছেলে সোহান ইসলাম ওরফে নিশান (২৬) ও সন্ধ্যা সোয়া ৭টার দিকে বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকার কালামের ছেলে অন্তু (২৩) এবং দিবাগত রাত ১২টার দিকে বোয়ালিয়া থানার টিটিসি মোড় এলাকা হতে চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেল হোসেন রানাকে (৩০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
