টেন্ডুলকারের যে রেকর্ড ভাঙলেন রুট
টেস্ট ক্রিকেটে এতদিন সর্বোচ্চ ফিফটির রেকর্ড ছিল শচিন টেন্ডুলকারের। ভারতীয় ব্যাটিং গ্রেটের সেই রেকর্ড নিজের দখলে নিলেন ইংল্যান্ডের তারকা জো রুট। শনিবার শেষ হওয়া পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে এই কীর্তি গড়েন রুট। সিরিজের প্রথম টেস্টে ফিফটি করে টেন্ডুলকারের ৬৮ ফিফটির রেকর্ড স্পর্শ করেন ইংল্যান্ডের সফলতম ব্যাটাসম্যান। শেষ টেস্টে খেলেন অপরাজিত ৬২ রানের ইনিংস। ক্যারিয়ারে এটি তার ৬৯তম ফিফটি। সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির (৫১) রেকর্ডধারী টেন্ডুলকার ২০০ ম্যাচে করেন ৬৮টি ফিফটি। রুট করলেন ১৬৯ ম্যাচেই। এই তালিকায় তাদের পরে আছেন শিবনারাইন চান্দারপল (৬৬), অ্যালান বোর্ডার (৬৩), রাহুল দ্রাবিড় (৬৩) ও রিকি পন্টিং (৬২)। তবে সেঞ্চুরির হিসাব নিলে এখনও সবচেয়ে বেশি ফিফটি ছোঁয়া ইনিংস টেন্ডুলকারেরই, ১১৯টি (৫১টি সেঞ্চুরি ও ৬৮টি ফিফটি)। এখানে দুই নম্বরে রুট, ১১০টি (৪১টি সেঞ্চুরি ও ৬৯টি ফিফটি)। জ্যাক ক্যালিস ও পন্টিংয়ের আছে ১০৩টি করে, দ্রাবিড়ের ৯৯টি। এই সংস্করণে রুটের মোট রান এখন ১৪ হাজার ২৭৮। রেকর্ড ১৫ হাজার ৯২১ রান টেন্ডুলকারের। সূত্র: ইনকিলাব
