পিএসএল পাকিস্তান তরুণের হ্যাটট্রিক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান ১১তম আসরে প্রথম হ্যাটট্রিক করলেন আলী রাজা। করাচি কিংসের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্স করেন পেশোয়ার জালমির এই তরুণ পেসার।
বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে করাচি কিংস শুরুটা বেশ ভালোই করেছিল। ওপেনার ডেভিড ওয়ার্নার ১১ রান করে আলী রাজার বলে বোল্ড হলেও জেসন রয় অন্যপ্রান্ত থেকে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান। নিজের নবম পিএসএল ফিফটি তুলে নিয়ে রয় খেলেন ৫১ বলে ৮৫ রানের এক বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ১১টি চার ও ২টি ছক্কার মার।
মাঝপথে আজম খান ১৯ বলে ৩৫ রানের এক ক্যামিও ইনিংস খেলে দলের রানকে ১৫০’র গণ্ডি পার করান।
ইনিংসের শেষ ওভারে আসল চমক দেখান তরুণ পেসার আলী রাজা। ওভারের চতুর্থ বলে খন্দকার শাহ হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন। পঞ্চম বলে শহীদ আজিজকে আউট করার পর শেষ বলে হাসান আলীকে শূন্যরানে বিদায় করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আলী রাজা। আর করাচি কিংস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে।
পিএসএলের ইতিহাসের প্রথম হ্যাটট্রিককারী বোলার হলেন মোহাম্মদ আমির। ২০১৬ সালে করাচির কিংসের হয়ে লাহোর কালান্দার্সের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নেন তিনি। আর এখন পর্যন্ত পিএসএলে হ্যাটট্রিক হয়েছে সাতবার। এর মধ্যে পাঁচজন পাকিস্তানি বোলার, দুইজন বিদেশি।
