বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন মরিয়ম নওয়াজের মেয়ে মাহনুর

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফের ছোট মেয়ে মাহনুর শরীফের আকদ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার। পারিবারিকভাবেই উদযাপিত হতে যাচ্ছে এই বিয়ে। পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, লাহোরের জাতি ওমরাহতে শরীফ পরিবারের নিজস্ব বাসভবনে একটি ছিমছাম ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ে ও আকদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পাত্র পাকিস্তানের একটি খ্যাতনামা ও প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সন্তান।

পাবলিক আই বা সামাজিক যোগাযোগমাধ্যমের আড়ালে থাকতেই পছন্দ করেন মরিয়ম-কন্যা মাহনুর। সম্প্রতি লন্ডন থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। মেয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে মরিয়ম নওয়াজ যুক্তরাজ্যে গিয়েছিলেন এবং অনুষ্ঠান শেষে বুধবার লাহোরে ফিরেছেন। তবে আকদের পর কোন জমকালো সংবর্ধনা বা অন্যান্য আনুষ্ঠানিকতা হবে কি না, সে বিষয়ে শরীফ পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে মরিয়ম নওয়াজের ছেলে জুনেদ সাফদারের বিয়ে বেশ জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছিল। প্রাক্তন আইনপ্রণেতা শেখ রুহেল আসগরের নাতনি শানজে আলী রুহেলের সঙ্গে জুনেদের এই বিয়ের নানা পর্ব নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ চর্চা হয়। তবে জুনেদের মতো বড় কোনো আয়োজন না করে মাহনুরের বিয়ের অনুষ্ঠানটি শুধু নিকটাত্মীয় ও দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সীমিত রাখা হচ্ছে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট