প্রেসিডেন্ট মির্জা ফখরুলকে পেজেশকিয়ানের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন। গত শুক্রবার (২১ আগস্ট) পাঠানো বার্তায় পেজেশকিয়ান মির্জা ফখরুলের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির নতুন সুযোগ তৈরি করবে। ইরানি প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যদের আস্থা অর্জন মির্জা ফখরুলের দূরদর্শিতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের প্রতিফলন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও আশাবাদ জানান তিনি।

বার্তায় পেজেশকিয়ান বাংলাদেশ ও ইরানের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর জন্য তেহরানের প্রস্তুতির কথা জানান। এর আগে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুও মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটে ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ২৫৫ ভোট পেয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী অলি আহমেদের ৮৮ ভোটকে পেছনে ফেলেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট