৫৭-এ পা দিলেন কনক চাঁপা চাইলেন সবার দোয়া
জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপার জন্মদিন আজ ১১ সেপ্টেম্বর। ৫৬ বছর পেরিয়ে ৫৭ বছরে পা দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। তবে এবারের জন্মদিন ঘিরে নিজের পক্ষ থেকে বিশেষ কোনো আয়োজনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি ইতালি, সুইডেন ও লন্ডনে ধারাবাহিক মঞ্চ পরিবেশনা শেষে দেশে ফিরেছেন কনক চাঁপা। বিদেশের ব্যস্ততা শেষে জন্মদিনটি দেশের মাটিতেই কাটাতে চেয়েছিলেন তিনি। পরিবারের সদস্য ও ভক্তদের ভালোবাসাই দিনটিকে বিশেষ করে তুলবে বলে মনে করছেন এই শিল্পী।
জন্মদিনের আয়োজন প্রসঙ্গে কনক চাঁপা জানান, আগে তার মেয়ে জন্মদিনের বিভিন্ন পরিকল্পনা করতেন। বর্তমানে মেয়ে দেশের বাইরে থাকায় সে সুযোগ নেই। ছেলে কিছুটা লাজুক স্বভাবের হলেও পুত্রবধূ রান্নাবান্নার মাধ্যমে পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি করেন। তবে শিল্পীর নিজের ইচ্ছা, অনেকটা নীরবভাবেই যেন জন্মদিনটি কেটে যায়। ভক্তদের ভালোবাসার কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন কনক চাঁপা। তার ভাষ্য, কিছু ভক্ত তাকে না জানিয়েই জন্মদিনে চমক দেওয়ার চেষ্টা করেন। তাই এবারও এমন কোনো আয়োজন হতে পারে বলে মনে করছেন তিনি।
বয়সকে নিয়ে কোনো আক্ষেপ নেই এই শিল্পীর। ৫৭ বছরে পা রাখাকে তিনি জীবনের স্বাভাবিক নিয়ম হিসেবেই দেখেন। একই সঙ্গে ১১ সেপ্টেম্বর তারিখটিও তার কাছে বিশেষ প্রিয় বলে জানিয়েছেন। সবার কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন তিনি। এদিকে আপাতত নতুন কোনো গান প্রকাশের পরিকল্পনা নেই কনক চাঁপার। নিয়মিত গান প্রকাশের সময় বদলালেও সংগীত থেকে দূরে সরে যাওয়ার কোনো ইচ্ছা নেই তার। নব্বইয়ের দশকে চলচ্চিত্রের গানে শক্ত অবস্থান তৈরি করা এই শিল্পী দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। পাশাপাশি দেশ-বিদেশে নিয়মিত মঞ্চ পরিবেশনাও করে যাচ্ছেন তিনি। সূত্র: ইনকিলাব
