নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

নগর পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার ও  গতকাল  প্রথম প্রহরে পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে কাটাখালী থানা পুলিশ দুজন, বোয়ালিয়া থানা পুলিশ দুজন এবং চন্দ্রিমা থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে কাটাখালী থানা পুলিশ টাংগন মধ্যপাড়া এলাকার শ্যামপুর পশ্চিমপাড়ায় রনি শেশের (২৬) বাড়িতে অভিযান চালিয়ে এক বোতল এসকাফ সিরাপসহ তাকে গ্রেপ্তার করা হয়। রনি পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি ও আরএমপির বিভিন্ন থানায় পাঁচটিসহ মোট ছয়টি মাদক মামলা রয়েছে। একই রাতে পৌনে ১টার দিকে নওদাপাড়ায় অভিযান চালিয়ে মো. রুস্তম আলীকে (৪০) ১২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে কাটাখালী থানা পুলিশ। তার বিরুদ্ধে মতিহার ও কাটাখালী থানায় দুটি মাদক মামলা রয়েছে। অন্যদিকে, বোয়ালিয়া থানা পুলিশ শিল্পীপাড়া বটতলা এলাকা থেকে মো. জহুরুল ওরফে জনিকে (৩৯) ১০ পিস ট্যাপেন্টাডলসহ এবং ৩ সেপ্টেম্বর রাতে খড়বোনা নদীর ধার এলাকা থেকে সোহেলকে (৩৬) পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। রাত সোয়া ১২টার দিকে চন্দ্রিমা থানার আসাম কলোনি এলাকায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম অভিযান চালিয়ে  মিজানকে (৩৩) চার পিস ইয়াবা ও সজিব হোসেন জেমিকে (২৭)  ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করা হয়। জেমির কাছ থেকে অনলাইন জুয়া-বেটিং অ্যাপসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। মিজানের নামে আরএমপির বিভিন্ন থানায় মাদক ও পেনাল কোড আইনে মোট ১১টি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট