নগরীতে চুরি মালামালসহ চোর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার তালাইমারী পুলিশ ফাঁড়ির অভিযানে চোরাই মালামালসহ আতিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক সহযোগীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পোশাক ও গৃহস্থালি সামগ্রীও জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিলন নামে তার এক সহযোগী পালিয়ে যায়।

নগর পুলিশ জানায়, গত ১৮ আগস্টের মধ্যে চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ১৮৫ নম্বর বাসার বেলকনি ও জানালার গ্রিল কেটে অজ্ঞাতনামা চোর বা চোরেরা বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী চন্দ্রিমা থানায় এজাহার দায়ের করলে পুলিশ চুরির মামলা দায়ের করে তদন্ত শুরু করে। গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তালাইমারী পুলিশ ফাঁড়ির একটি দল চন্দ্রিমা থানার জামালপুর এলাকায় অভিযান চালায়। এ সময় বরগুনা জেলার আমতলী থানার তারিকাটা গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে ও বর্তমানে জামালপুর এলাকায় বসবাসরত আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী মিলন কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তার আতিকুলের হেফাজত থেকে ছয়টি ফুলহাতা শার্ট, একটি টেবিল মেট, একটি বিছানার চাদর, একটি পায়জামা ও তিনটি বালিশের কভার জব্দ করা হয়। আতিকুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি মিলনের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ১৯টি শাড়ি, চারটি বোরকা, ছয়টি থ্রি-পিস, ছয়টি বিছানার চাদর, চারটি ওড়না ও একটি ব্লেন্ডার মেশিন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আতিকুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট