নগরীতে পুলিশের মাদকবিরোধী  অভিযানে পাঁচজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে এসকাফ সিরাপ, ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন ইউনিট এ অভিযান চালায়। অভিযানে ৩ কেজি ৭০ গ্রাম গাঁজা, ১৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ, ১৩ পিস ইয়াবা ও ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির নগদ ২ হাজার ৭০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। নগর পুলিশ জানায়, গত সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কাটাখালী থানা পুলিশ টাংগন পশ্চিমপাড়া গ্রামের তুষার আলীর (২৮) বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তুষারকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

একই দিন বেলা সাড়ে ১০টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ শিরোইল কলোনী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজু (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় আগের তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে ২৩ আগস্ট রাত পৌনে ১০টার দিকে কাটাখালী থানা পুলিশ টাংগন পশ্চিমপাড়া গ্রামের আলিফের (১৯) বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সোমবার রাত ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক গ্রামে অভিযান চালিয়ে আকাশ ইসলাম (২৭) নামের একজনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বালিয়া গ্রামের মিঠুর মোড়ের পশ্চিম পাশে ধুতরাবন এলাকায় অভিযান চালায়। ধুতরাবন এলাকা থেকে আসা একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানোর সময় এর যাত্রী মর্জিনা বেগম ওরফে অঞ্জিলা বেগমকে (৫০) ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দেয়া হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট