প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় সংলাপের আহ্বান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে কেউ কখনো দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। গত শনিবার বিকালে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেছেন। তিনি বলেছেন, অতীতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে। কিন্তু দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছেন, একইভাবে ২০২৪ সালে দেশের বীর ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে আমাদের দুটি প্রধান দায়িত্ব রয়েছে। প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়টি হলো শহীদদের কাঙ্ক্ষিত একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা বারবার বলে আসছি, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার প্রভু ভারত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহত করতে সরকারিদল ও বিরোধীদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান গণতান্ত্রিক পরিবেশে সরকারিদল ও বিরোধীদলের মধ্যে নানা ইস্যুতে মতভিন্নতা ও মতদ্বৈততা থাকতে পারে। গণতন্ত্রের সৌন্দর্যই এটি। মতপার্থক্য যতই থাকুক, গণতন্ত্রে তা পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। তবে দেশের সংকটকালে, জাতীয় ইস্যুতে, সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্নের প্রশ্নে সরকারিদল ও বিরোধীদলকে একমত ও ঐক্যবদ্ধ থাকতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের বিরোধিতার রাজনীতি কাম্য নয়। আশার কথা, গণঅভ্যুত্থানে পতিত ও পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার প্রভু ভারতের চক্রান্ত-ষড়যন্ত্রে আওয়ামী সন্ত্রাসীরা দেশে যে অরাজক পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে সরকারিদল ও বিরোধীদলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্য সম্ভব হয়েছে, যখন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধীদলের প্রতি ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন এবং নিজে উদ্যোগী হয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সাথে আন্তরিকভাবে বৈঠক করেছেন। দেশের মানুষ সরকারিদল ও বিরোধীদলের এই ঐক্যে আশাবাদী হয়ে উঠেছে এবং তারা আশ্বস্ত হয়েছে। তারা মনে করে, এতে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও ভারতের ষড়যন্ত্র মোকাবিলা করার ক্ষেত্রে উভয় পক্ষের ঐক্যের বিকল্প নেই। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এই বার্তা যাবে, বাংলাদেশে সরকারিদল ও বিরোধীদল সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে এবং বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। রাজনৈতিকখবর পড়ুন
