হালকা শীত পড়ায় রাজশাহীতে মানুষজন কিনতে শুরু করেছেন শীতের পোশাক

জুলফিকার আলী হায়দার

নিম্নচাপের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে রাজশাহীতে শীতের পোশাকের বাজারে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছিল। তবে গতকাল রোববার আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আবারও জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা। নগরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অস্থায়ী ও ভ্রাম্যমাণ শীতবস্ত্রের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। বিশেষ করে রাজশাহী কোর্ট এলাকা থেকে হড়গ্রাম বাজার পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত ও মোড়ে বসা অস্থায়ী দোকানগুলোতে বিকেল থেকে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।

 নগরের বিভিন্ন এলাকার পাশাপাশি রাজশাহী কোর্ট থেকে হড়গ্রাম বাজার পর্যন্ত সড়কের দুই পাশে অস্থায়ীভাবে গড়ে উঠেছে শীতবস্ত্রের বাজার। কোর্ট স্টেশন, কোর্ট মোড়, কোর্ট ঢালু, হড়গ্রাম নতুনপাড়া সড়ক এবং হড়গ্রাম বাজার মোড় ও কাঁচাবাজারসংলগ্ন এলাকায় এসব দোকানে বিক্রি হচ্ছে শিশুদের গরম কাপড়, সোয়েটার, হুডি, জ্যাকেট, কানটুপি, মাফলার, হাতমোজা, চাদর ও শালসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র।

 এসব দোকানে তুলনামূলক কম দামে পোশাক কেনার সুযোগ থাকায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের পাশাপাশি শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের আগ্রহও বাড়ছে। ফুটপাতের দোকানগুলোতে পোশাকের মান ও দাম যাচাই করে দরদাম করার সুযোগ থাকায় ক্রেতারা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছেন।

গতকাল বিকেলে রাজশাহী কোর্ট থেকে হড়গ্রাম বাজার পর্যন্ত বিভিন্ন অস্থায়ী দোকান ঘুরে দেখা যায়, কেউ পরিবারের শিশুদের জন্য গরম পোশাক কিনছেন, কেউ নিজের জন্য জ্যাকেট বা সোয়েটার খুঁজছেন। আবার অনেকে শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় পোশাক কিনে রাখছেন। বিশেষ করে শিশুদের পোশাক ও কম দামের শীতবস্ত্রের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি।

হড়গ্রাম বাজারসংলগ্ন একটি অস্থায়ী দোকান থেকে মেয়ের জন্য শীতের পোশাক কিনছিলেন স্থানীয় বাসিন্দা মর্জিনা বেগম। তিনি বলেন, “দুই দিন বৃষ্টির কারণে বাইরে বের হওয়া কঠিন ছিল। আজ আবহাওয়া ভালো হওয়ায় কেনাকাটা করতে এসেছি। দোকানে বিভিন্ন ধরনের পোশাক রয়েছে। কয়েকটি দোকান ঘুরে দাম ও মান যাচাই করে মেয়ের জন্য পোশাক কিনেছি। স্থায়ী দোকানের তুলনায় এখানে কিছুটা কম দামে কেনার সুযোগ রয়েছে।”

কোর্ট স্টেশন এলাকার একটি ভ্রাম্যমাণ দোকান থেকে নিজের জন্য শীতের পোশাক কিনতে আসা আব্দুল কাদের বলেন, “এখানে বিভিন্ন দামের পোশাক পাওয়া যায়। নিজের বাজেট অনুযায়ী পছন্দ করে কেনা যায়। দরদাম করার সুযোগও আছে। তাই ফুটপাতের এসব দোকান থেকে অনেকেই শীতের পোশাক কিনছেন।”

অন্যদিকে, হড়গ্রাম নতুনপাড়া সড়কের অস্থায়ী শীতবস্ত্রের দোকানের বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, “দুই দিন বৃষ্টির কারণে বেচাকেনা অনেকটা কমে গিয়েছিল। আজ আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ক্রেতা আসতে শুরু করেছেন। গরম কাপড়ের চাহিদাও বেড়েছে। শীত যত বাড়বে, বিক্রিও তত বাড়বে বলে আশা করছি।”

কোর্ট মোড়ের আরেক বিক্রেতা মো. সাইফুল ইসলাম বলেন, “আমরা মৌসুমি ব্যবসা করি। শীতের সময় এসব জায়গায় দোকান নিয়ে বসি। কম দামের পাশাপাশি বিভিন্ন মানের পোশাক রাখি, যাতে সব ধরনের ক্রেতা কিনতে পারেন। বৃষ্টির কারণে কয়েক দিন ব্যবসা ভালো হয়নি। তবে আজকের আবহাওয়া ভালো থাকায় বিক্রি বেড়েছে।”

রাজশাহী নগরের কোর্ট থেকে হড়গ্রাম বাজার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনবহুল এলাকায় মৌসুমি শীতবস্ত্রের অস্থায়ী দোকান বসেছে। এসব বাজারে নতুন পোশাকের পাশাপাশি পুরোনো ও ব্যবহৃত শীতবস্ত্রও পাওয়া যাচ্ছে। ফলে সীমিত আয়ের মানুষের জন্য শীতের পোশাক কেনার বিকল্প সুযোগ তৈরি হয়েছে।

ব্যবসায়ীরা জানান, শীতের শুরুতে ক্রেতারা মূলত শিশুদের পোশাক, হালকা সোয়েটার, কানটুপি ও মাফলার বেশি কিনছেন। তাপমাত্রা আরও কমতে শুরু করলে জ্যাকেট, হুডি, চাদর ও কম্বলের চাহিদা বাড়বে। গত দুই দিনের বৃষ্টির পর আজ আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বাজারে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। সামনের দিনগুলোতে শীত বাড়লে বেচাকেনা আরও জমে উঠবে বলে আশা করছেন তাঁরা।

সব মিলিয়ে, রাজশাহীতে শীতের আমেজ পুরোপুরি শুরু না হলেও অস্থায়ী শীতবস্ত্রের বাজারগুলোতে তার প্রভাব পড়তে শুরু করেছে। দুই দিনের বৃষ্টির পর স্বাভাবিক আবহাওয়া ফিরে আসায় আবারও প্রাণ ফিরেছে ফুটপাতের এসব মৌসুমি বাজারে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট