বাগমারায় পুকুর দখলের অভিযোগ সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার,বাগমারা
রাজশাহীর বাগমারায় লীজকৃত সরকারী পুকুর জবর দখলের অভিযোগ উঠেছে যুবদল ও সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। ওই ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে বাগমারা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ভবানীগঞ্জ পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম নয়ন । তিনি অভিযোগ করেন, ভবানীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ডিএম শাহিন এবং যুবদল নেতা শাকিলের নেতৃত্বে গুয়াবাড়ি গ্রামের সাইদুল রহমান তাদের লীজকৃত পুকুরে জোরপূর্বক মাছ ছাড়ে। মাছ ছাড়ার পর পরই তারা পুকুরটি নিজেদের দখলে নেয়ার চেষ্টা করে।
ছাত্রদল নেতা নাজমুল ইসলাম নয়নের অভিযোগ, ২০২৬ সালে উপজেলা জলমহল কমিটি দরপত্র আহবান করেন। ওই দরপত্রে ছাত্রদল নেতা নাজমুল ইসলাম নয়ন সরকারী নীতিমালানুসারে কসবা একতা মৎস্যজীবি সমবায় সমিতির মাধ্যমে গুয়াবাড়ি মৌজার পুকুরটি লীজে পান। পুকুর লীজ পাওয়ার পর তিনি সরকারী কোষাগারে সমস্ত টাকা পরিশোধ করেন। সরকারী কোষাগারে টাকা জমা দিয়ে পুকুর মাছ চাষ শুরু করেন। কিছু দিন পর হঠাৎ ওই পুুরে নজর পড়ে যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাদের। তার কাউরে কিছু না জানিয়ে গায়ের জোরে ছাত্রদল নেতার লীজকৃত পুকুরে মাছ ছেড়ে দখলের চেষ্টা করেন।
ছাত্রদল নেতা বিষয়টি দলের শীর্ষ নেতাদের জানালে তারা কোন ব্যবস্থা নেয়নি। তিনি কোন উপায় না পেয়ে যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে বাগমারা থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এতে ক্ষিপ্ত হন যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতা। এক পর্যায়ে তারা নাজমুল ইসলাম নয়নকে উক্ত পুকুরে যেতে নিষেধ করেন। তিনি পুকুরটি উদ্ধারের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ভবানীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ডিএম শাহিন আলম বলেন, আমরা কোন পুকুর দখল করতে যায়নি। তবে আমাদের দলের কর্মী সাইদুর রহমান পুকুরটি দীর্ঘদিন থেকে লীজ নিয়ে ভোগদখল করছিলেন। বর্তমানে পুকুরের টাকা জমা দেয়া যাবে কিনা জানার জন্য আমরা সেখানে গিয়েছিলাম। তবে পুকুর জবর দখলের খবর একেবারেই ভিত্তিহীন বলে তিনি উড়িয়ে দেন।
