সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা  নির্ধারণের সুপারিশ : প্রধান তথ্য কর্মকর্তা

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, আর্থিক ও সামাজিক সুরক্ষা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সাংবাদিকদের সুরক্ষায় একটি আইনের খসড়া প্রণয়ন করে সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার নিচে না রাখার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। তিনি বলেন, মফস্বল, বিভাগ, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকদের জন্য ন্যায্য সম্মানী নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে।সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার কনফারেন্স হলে ‘গণমাধ্যমকর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস)-এর আওতায় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে আঞ্চলিক তথ্য অফিস,সিলেটের আয়োজনে এবং জেলা তথ্য অফিস,মৌলভীবাজারের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ আরো বলেন, তথ্য অধিদপ্তরের (পিআইডি) অন্যতম দায়িত্ব হলো সরকারের মুখপাত্র হিসেবে কাজ করা এবং গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাঁদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা। গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবে বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সাংবাদিক সুরক্ষা আইনের একটি খসড়া তৈরি করে সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে। বিষয়টি বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আলোচনাধীন রয়েছে। শিগগিরই এটি বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সূত্র: বাংলা ট্রিবিউন

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট