বিভিন্ন মণ্ডপ ঘুরে বিদেশি হাইকমিশনারদের প্রশংসা বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হচ্ছে: দীনেশ ত্রিবেদী
বাংলাদেশে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সহাবস্থান জরুরি। গতকাল সোমবার রাজধানীর বনানী পূজাম-প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দীনেশ ত্রিবেদী বলেন, ‘উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে এবার বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন হচ্ছে।’ প্রথমবারের মতো বাংলাদেশে দুর্গাপূজার উদ্যাপনে অংশ নিয়ে দুই দেশের সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পেয়েছেন বলেও জানান তিনি। হাইকমিশনার বলেন, ‘সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি।
পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।’ এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে অঞ্জলি দেন তিনি। বাংলাদেশে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দীনেশ ত্রিবেদী। এদিকে, বাংলাদেশে নিজের প্রথম দুর্গাপূজা উদযাপনের দারুণ অভিজ্ঞতায় মুগ্ধ হয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। পুরান ঢাকার উষ্ণ অভ্যর্থনা, ঢাকের বাদ্য এবং চোখ ধাঁধানো পূজাম-প তার এই অভিজ্ঞতায় ভিন্ন মাত্রা যোগ করেছে। গতকাল সোমবার দুর্গাপূজা উপলক্ষ্যে এক ভিডিও বার্তা প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। সেখানে মার্কিন রাষ্ট্রদূতের পূজা উদযাপনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তিনি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীসহ সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।বাংলাদেশ সংবাদ
এর আগে নেপালের রাষ্ট্রদূত জ্ঞানশ্যাম ভান্ডারী ঢাকার বনানী পূজাম-পের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। পূজাম-পে বাংলায় বক্তব্য দিয়ে তিনি উপস্থিত সকলের বিশেষ নজর কাড়েন। সূত্র: ইনকিলাব
