রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আন্তর্জাতিক স্বীকৃতি

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ দলের ১০ দিনব্যাপী পর্যালোচনায় কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোকে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে জাতীয় পর্যায়ে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করাসহ পাঁচটি বিষয়ে উন্নয়নের সুপারিশ করেছে সংস্থাটি।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে গত ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) মিশন পরিচালিত হয়। ১৯ নভেম্বর প্রকাশিত মূল্যায়ন প্রতিবেদনে বাংলাদেশের বিদ্যমান জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোর ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় আরও সুসংহত করার পরামর্শ দিয়েছে আইএইএ।

পর্যালোচনায় বাংলাদেশের দুটি উল্লেখযোগ্য সক্ষমতার কথা উল্লেখ করেছে বিশেষজ্ঞ দল। প্রথমটি হলো বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুপ্রতিষ্ঠিত ব্যবস্থাপনা কাঠামো। এই অভিজ্ঞতা পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত কার্যক্রমের শক্ত ভিত্তি হিসেবে কাজ করতে পারে। দ্বিতীয়টি হলো রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা। বিশেষ করে কেন্দ্রের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র, যেখানে চিকিৎসাসেবার পাশাপাশি মনস্তাত্ত্বিক সহায়তার ব্যবস্থা রয়েছে, এবং অগ্নিনির্বাপণ কর্মীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন বিশেষজ্ঞরা। তবে জাতীয় পর্যায়ের জরুরি প্রস্তুতি আরও কার্যকর করতে পাঁচটি বিষয়ে উন্নয়নের সুপারিশ করেছে আইএইএ। এর মধ্যে রয়েছে পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনাকে দেশের সামগ্রিক দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোর সঙ্গে সমন্বিত করা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও কর্তৃত্ব সুনির্দিষ্ট করা এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করা। এ ছাড়া জাতীয় সুরক্ষা কৌশল চূড়ান্ত করা, বিকিরণ পর্যবেক্ষণ ও জরুরি চিকিৎসাসেবা জোরদার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর অংশগ্রহণে পূর্ণাঙ্গ জরুরি মহড়া আয়োজনের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। আইএইএর মূল্যায়নের ব্যাখ্যায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান শনিবার (২১ নভেম্বর) জানান, এই মূল্যায়ন বুঝতে হলে অন-সাইট ও অফ-সাইট জরুরি ব্যবস্থাপনার পার্থক্য বিবেচনায় নিতে হবে। অন-সাইট ব্যবস্থাপনা মূলত কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান, দুর্ঘটনা মোকাবিলা, অগ্নিনির্বাপণ, চিকিৎসাসেবা ও কর্মীদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে অফ-সাইট ব্যবস্থাপনা নির্ভর করে জাতীয় ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উদ্ধারকারী সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের ওপর। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট