রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান, দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ সম্পন্ন
নতুন প্রভাত ডেক্স:
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের সপ্তম চালান পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটের দিকে জ্বালানিবাহী তিনটি বিশেষায়িত লরি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ চালানের মধ্য দিয়ে দ্বিতীয় ইউনিটের জন্য নির্ধারিত সাতটি চালানের জ্বালানি সরবরাহ সম্পন্ন হয়েছে।
চালানটি আসার মধ্যেই রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে ইউনিটটি। ফলে জ্বালানি সরবরাহের পাশাপাশি কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমও গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের চালান পৌঁছায়। সেখান থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তিনটি লরিতে করে জ্বালানি পাবনার ঈশ্বরদীতে নেওয়া হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে লরিগুলো প্রকল্প এলাকায় পৌঁছায়। পথে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিলেন অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে মোট ১৬৩টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, প্রথম ইউনিটে নির্ধারিত সময়ে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনা হবে। সব মিলিয়ে নয়টি কার্গো চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে পৌঁছানোর কথা রয়েছে।
পুলিশ জানিয়েছে, জ্বালানি পরিবহণের সময় মহাসড়কে যানজট এড়াতে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বিশেষ নিরাপত্তা ও সমন্বিত ব্যবস্থাপনার মধ্য দিয়ে পুরো পরিবহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটমের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর কেন্দ্রটির জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করবে রাশিয়া। পরবর্তী সময়ে নির্ধারিত বিরতিতে জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে।
এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে কেন্দ্রটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। ওই দিন প্রায় সাড়ে আট ঘণ্টা পরীক্ষামূলক কার্যক্রমে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা জানিয়েছে প্রকল্পসংশ্লিষ্ট সূত্র।
সংশ্লিষ্টরা জানান, প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনের আগে কয়েক ধাপে আরও কারিগরি পরীক্ষা ও কমিশনিং কার্যক্রম পরিচালনা করা হবে। চুক্তি অনুযায়ী, প্রায় ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে ধাপে ধাপে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ সময়ের মধ্যে উৎপাদনব্যবস্থা, নিরাপত্তা ও যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করা হবে।
রাশিয়ার প্রযুক্তি ও সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর কেন্দ্রটির প্রথম ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানির প্রথম চালান দেশে পৌঁছায়। পরে একই বছরের অক্টোবর ও নভেম্বর মাসে আরও কয়েকটি চালানে জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়। চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে জ্বালানি স্থাপনের কাজ সম্পন্ন হয়। নির্ধারিত সময় পর ব্যবহৃত জ্বালানির একটি অংশ পরিবর্তনের জন্য অতিরিক্ত জ্বালানি আমদানির পরিকল্পনা রয়েছে।
সূত্র: ইনকিলাব
